উৎসবের বাদ্যি বেজে গিয়েছে! আর দুর্গাপুজো মানেই রাত জেগে প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং অবশ্যই বিরিয়ানি, রোল, ফুচকা থেকে মিষ্টির দেদার পেটপুজো। তবে উৎসবের আমেজে খাওয়াদাওয়ার অনিয়ম আর রাত জাগার ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের হজমশক্তি ওপর। ফলে শরীর ভারী বোধ হওয়া, গ্যাস-অম্বল এবং দ্রুত ওজন বেড়ে যাওয়ার ভয় থেকেই যায়।
চিন্তার কিছু নেই! পুজোর দিনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করার একেবারেই প্রয়োজন নেই। প্রতিদিন সকালে মাত্র ১৫-২০ মিনিটের এই সহজ হাই-ইনটেনসিটি ও বডিওয়েট ওয়ার্কআউট আপনার শরীরের মেটাবলিক রেট বহুগুণ বাড়িয়ে দেবে, যার ফলে সারাদিন অনায়াসে ক্যালোরি বার্ন হতে থাকবে।
১. হজমশক্তি বাড়ানো ও ক্যালোরি বার্ন করার সহজ ৫ ব্যায়াম (১৫ মিনিট)। কোনও জিম বা ইকুইপমেন্ট ছাড়াই ঘরের এক কোণে সকালে খালি পেটে এই ব্যায়ামগুলো সেরে নিন:
বার্পিজ : এটি একটি পাওয়ারফুল ফুল-বডি ওয়ার্কআউট। এটি হার্ট রেট দ্রুত বাড়িয়ে ফ্যাট বার্নিং প্রসেস চালু করে।
স্কোয়াটস : থাই এবং গ্লুটসের মতো বড় পেশি সচল রাখে। বড় পেশি যত বেশি অ্যাক্টিভ থাকবে, শরীর বিশ্রামের সময়েও তত বেশি ক্যালোরি ঝরাবে।
মাউন্টেন ক্লাইম্বার্স : প্ল্যাঙ্ক পজিশনে দ্রুত পা চালানো। এটি পেটের মাসল শক্ত করার পাশাপাশি দারুণ কার্ডিও হিসেবে কাজ করে।
জাম্পিং জ্যাকস : সকালের অলসতা চটজলদি কাটিয়ে শরীরকে সতেজ ও চাঙ্গা করতে এর চেয়ে ভাল উপায় আর নেই।
প্ল্যাঙ্ক : পেটে অতিরিক্ত মেদ জমতে বাধা দেয় এবং পুরো শরীরের কোরের শক্তি বহুগুণ বাড়ায়।
২. ভারী খাবার দ্রুত হজম করার বিষয়ে যোগাসনও কিন্তু ভীষণ কার্যকরী
পুজোর নানান ধরনের খাবার খেয়ে গ্যাস-অম্বল এড়াতে এবং হজমশক্তি বাড়াতে এই আসনগুলো এখন থেকেই অভ্যাস করুন -
সূর্য নমস্কার: প্রতিদিন সকালে ৫ থেকে ১০ রাউন্ড সূর্য নমস্কার করলে পুরো শরীরের রক্ত সঞ্চালন বাড়ে এবং মেটাবলিজম এক ধাক্কায় অনেকটা উন্নত হয়।
পবনমুক্তাসন: নাম থেকেই স্পষ্ট, এটি পেটের ভেতরের অঙ্গগুলোকে একপ্রকার ম্যাসাজ করে । ফলে জমে থাকা গ্যাস দূর হয় এবং ভারী খাবার দ্রুত হজম হয়।
উষ্ট্রাসন: এটি থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে, যা আমাদের শরীরের হজমশক্তি এবং হরমোনের সামঞ্জস্য সরাসরি নিয়ন্ত্রণ করে।
বোনাস 'পুজো ফিটনেস' টিপস:
প্যান্ডেল হপিং ট্রিক: মণ্ডপে ঘোরার সময় লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন। মাইলের পর মাইল হেঁটে মণ্ডপ দর্শনে স্বাভাবিকভাবেই প্রতিদিন প্রায় ৫০০–৭০০ ক্যালোরি বার্ন হয়ে যাবে! খবর হজমও হবে দ্রুত।
স্মার্ট হাইড্রেশন: কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত মিষ্টি পানীয় এড়িয়ে প্রচুর জল, লেবু জল বা ডাবের জল খান। এটি শরীরকে ডিটক্স করার পাশাপাশি মেটাবলিজম স্লো হতে দেয় না।
তাই এখন থেকেই প্রতিদিন সকালে মাত্র ১৫ মিনিট নিজের শরীরের জন্য বের করুন, আর পুজোয় পেটপুজো করুন একদম বিন্দাস হয়ে!