আজকাল ওয়েবডেস্ক: ঢাকের বাদ্যি, ভক্তদের উচ্ছ্বাস আর আবেগঘন পরিবেশের মধ্যেই এক বছরের জন্য বিদায় নেবেন নৈহাটির বড়মা। আর সেই বিদায়বেলাকে ঘিরেই এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে নৈহাটিতে। বড়মার নিরঞ্জন দেখতে প্রতিবছরই হাজার হাজার মানুষের ভিড় জমে গঙ্গার ঘাটে। অরবিন্দ রোডের মণ্ডপ থেকে চাকা লাগানো বিশাল ট্রলিতে চাপিয়ে দেবীকে নিয়ে যাওয়া হয় নৈহাটি ফেরিঘাট সংলগ্ন গঙ্গার ঘাটে। সেখানেই সম্পন্ন হয় নিরঞ্জন। তবে এবারের বিসর্জনে বিশেষ আকর্ষণ হতে চলেছে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা। সবকিছু ঠিকঠাক থাকলে বড়মার বিদায়যাত্রায় আকাশপথ থেকেও ঝরে পড়বে ফুল।
হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, সোনার চোখ নিয়েই গঙ্গায় নিরঞ্জন! নৈহাটির বড়মার বিদায়যাত্রায় এবার বিশেষ চমক
ADVERTISEMENT
বড়মার নিরঞ্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশেষ রীতি। বিসর্জনের আগে দেবীর গায়ে থাকা সোনা ও রুপোর সমস্ত অলংকার খুলে নেওয়া হলেও খুলে নেওয়া হয় না তাঁর চোখের সোনার অলংকার। প্রায় ১০০ গ্রাম ওজনের সোনার চোখ দুটি প্রতিমার সঙ্গেই গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। তার আগে লক্ষাধিক টাকা মূল্যের ফুলের গয়নায় সাজিয়ে তোলা হবে দেবীকে। সকালে রাজবেশে বড়মাকে সাজানোর পর হবে বিশেষ পুজো ও বরণ। এরপর ফুলের সাজে ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে গঙ্গার উদ্দেশে রওনা দেবেন বড়মা।
আরও পড়ুন
উল্লেখ্য, নৈহাটিতে বড় কালীপুজোর সূচনা করেছিলেন নদিয়া জুটমিলের কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী। জানা যায়, নবদ্বীপের রাস উৎসবে গিয়ে বিশালাকার প্রতিমা দেখে অনুপ্রাণিত হয়েই তিনি বড় কালীপুজোর প্রচলন করেন। সময়ের সঙ্গে সেই বড় কালীই ভক্তদের কাছে পরিচিত হয়ে ওঠেন বড়মা নামে। পুজোর চারদিন ধরে চলে বিশেষ আরাধনা। আর নিরঞ্জনের দিন সেই আবেগেরই অন্য ছবি ধরা পড়ে নৈহাটির রাস্তায়।
পুজো কমিটির সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে শুরু হতে পারে বড়মার নিরঞ্জনের যাত্রা। অন্যদিকে, বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থাতেও বিশেষ জোর দিচ্ছে প্রশাসন। অতিরিক্ত পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবক মোতায়েনের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা বিসর্জন পর্বে থাকবে কড়া নিরাপত্তা বলয়। সব মিলিয়ে বড়মার বিদায়যাত্রাকে ঘিরে ফের একবার ভক্তির আবেগে মেতে উঠতে চলেছে শিল্পাঞ্চল নৈহাটি।
ADVERTISEMENT
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT