আজকাল ওয়েবডেস্ক: প্রথম বছরেই তাক লাগিয়ে দিল কালীকৃতি সম্মান ২০২৬। কলকাতা এবং শহরতলির ৮৩টা সর্বজনীন কালী পুজো নিয়ে আয়োজন করা এই সম্মান শুধু যে জনপ্রিয় হল তাই নয়, আয়োজকরা অঙ্গীকার করলেন, আগামী বছরগুলিতে কালীকৃতি সম্মানের জন্য টক্কর আরও জোরালো হবে।
কালীকৃতি সম্মানের স্বীকৃতি অন্যান্য পুরষ্কারগুলির চেয়ে কিছুটা আলাদা। তার কারণ? কালীকৃতি সম্মানে সেরা পুজো বেছে নেওয়ার ক্ষেত্রে বিচারকদের তালিকায় থাকা অভিনবত্ব। একদিকে যেমন ছিলেন বিশিষ্টজনেরা, তেমনই ছিলেন পুজো সংগঠকরাও।
তাছাড়া, পুরস্কার প্রদানের ক্ষেত্রেও পুজোর পাশাপাশি নজর রাখা হয়েছিল শিল্পীদের ওপরেও। ৮৩টি পুজো থেকে চূড়ান্ত পর্বে উঠেছিল কলকাতা সহ শহরতলির ১০টি পুজো।
সেখান থেকে সেরা পাঁচ পুজোকে বেছে নেওয়া হয়। সেরা পাঁচটি পুজোর জন্য ৩টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। কৃতি পুজো অর্থাৎ সেরা পুজো, শ্রেষ্ঠ বিগ্রহ এবং সৃজন কৃতি। তাছাড়া, এই পাঁচটি পুজোর মধ্যে একটি পুজোকে দেওয়া হয় সেরা নিরাপত্তার পুরস্কার।
কৃতি পুজো অর্থাৎ শ্রেষ্ঠ পুজোর পুরস্কার পেয়েছে তিনটি পুজো কমিটি, টালিগঞ্জ অভিযাত্রী ক্লাব, সরশুনা ত্রিভুবন ক্লাব এবং ডানলপের হাওয়া সকাল। শ্রেষ্ঠ বিগ্রহের সম্মান তুলে দেওয়া হয়েছে দমদমের নারায়ণতলা যুবক সংঘের হাতে।

এর পাশাপাশি, সৃজন কৃতি সম্মান তুলে দেওয়া হয়েছে সরশুনা বিপ্লবী বাঘাযতীন সংঘের হাতে। আয়োজকরা জানান, এই সৃজন কৃতি সম্মান তাঁরা এমন একটি পুজো কমিটির হাতে তুলে দিতে চেয়েছিলেন যাদের বাজেট তুলনায় কম।
তুলনায় একটু অপরিচিত এরকম কোনও পুজো কমিটি যারা এই পুরস্কার পেলে আগামী বছরগুলিতে আরও ভাল কাজ করার জন্য উৎসাহিত হতে পারে। শ্রেষ্ঠ নিরাপত্তার স্বীকৃতি দেওয়া হয়েছে হাওয়া সকাল ক্লাবকে।

জানা গেল, প্রাথমিক পর্ব থেকে ফাইনাল রাউন্ডের জন্য সেরা পুজোগুলিকে বেছে নিতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল বিচারকদের। কলকাতার কালীপুজো দুর্গাপুজোর মতো অতটা খ্যাতি না পেলেও তারাও যে কোনও অংশেই কম যায় না তা পরিষ্কার বোঝা গিয়েছে এই বছরে।
বাছাই পর্বের সময় যথেষ্ট আলোচনা করতে দেখা গিয়েছে বিচারকদের। ফাইনাল রাউন্ডে ১০টা পুজো থেকে সেরা ৫টি পুজোকে বেছে নিতেও কার্যত কালঘাম ছুটে গিয়েছিল তাঁদের।

আয়োজকদের মতে, এই বছর অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আয়োজন করা হয়েছিল কালীকৃতি সম্মানের। কিন্তু যে সাফল্য, যে প্রচার পেয়েছে এই প্রতিযোগিতা, তা যথেষ্ট অনুপ্রাণিত করেছে তাঁদের।
এই বছরের কালীকৃতি সম্মান শেষ হওয়ার পরদিন থেকেই শুরু হয়ে গিয়েছে আগামী বছরের পরিকল্পনা। আয়োজকরা জানালেন, আগামী বছর আরও প্রসার ঘটবে এই কালীকৃতি সম্মানের এবং আরও বড় আকারে কালীপুজোর শ্রেষ্ঠত্বকে কুর্নিশ জানানো হবে।