২২ তম বছরে পা দিল আবাস হাউজিংয়ের শ্যামাপুজো। এ বছর উক্ত পুজো কমিটির নিবেদন 'বর্ণময়ী'। কিন্তু কেন এই থিম?
আবাস হাউজিংয়ের শ্যামাপুজোর আয়োজকদের তরফে জানানো হয়েছে, "শাক্ত-সাধক কবি রামপ্রসাদ সেন বলেছেন, কালী পঞ্চশৎ বর্ণময়ী। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলিয়ে যে ৫০টি বর্ণ বা অক্ষর আছে, তা দেবীকালিকা তাঁর গলায় ধারণ করেছেন মুণ্ডমালা রূপে। ভারতীয় দর্শনে শব্দই ব্রহ্ম। সৃষ্টির আদিতে যখন স্থূল জগত ছিল না, তখন ছিল কেবল কম্পন বা নাদ(ধ্বনি)। এই শব্দতরঙ্গ থেকেই পরবর্তীকালে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। দেবী যখন মুণ্ডমালা পরিধান করেন, তখন তিনি আসলে শব্দ এবং জ্ঞানের আধার হিসেবে নিজেকে প্রকাশ করেন। অক্ষর বা বর্ণ অবিনশ্বর, তাই দেবীর গলায় এই মুণ্ডগুলো মৃত মানুষের অবশেষ নয় ,বরং সৃষ্টির বীজ হিসেবে বিরাজ করে। শাক্ত পদাবলী, বাঙালির একান্ত নিজস্ব সম্পদ।"
ADVERTISEMENT
তাঁদের তরফে আরও জানানো হয়, "রামপ্রসাদ সেন ছাড়াও সাধক কমলাকান্ত পরবর্তীসময়ে রবি ঠাকুরের লেখনীতেও প্রবাহিত সেই মাতৃনামের ধারা। শুধু হিন্দু কবিরাই নন মুসলমান কবিদের কলমেও রচিত হয়েছিল, মায়ের গান। মাতৃ সাধক কাজী নজরুল ইসলাম ছাড়াও হাছন রাজা, কানু ফকিরদের গানে মুখরিত বাঙালির মাতৃপূজার অঙ্গন। বর্ণময়ী মাকে নিয়ে লেখা শ্যামাসঙ্গীত সেজে উঠেছিল বাংলা অক্ষর-মালায়। এ যেন গঙ্গা জলে গঙ্গাপুজো।"
শিল্পী বিমল কুণ্ডুর ভাস্কর্য এই সৃষ্টির অনুপ্রেরণা জুগিয়েছে। আবাস হাউজিং শ্যামাপুজোর এবারের প্রতিমাশিল্পী কুমোরটুলির সনাতন পাল। আলো ও শব্দের দায়িত্বে রয়েছেন মনোজ ইলেকট্রিক। রূপায়ণে রয়েছেন প্রিয়াঙ্কা, প্রিয়া, দিতিপ্রিয়া।
কী বিশেষত্ব এই পুজোর? থিমের পুজো হোক বা সাবেকি, আবাস হাউজিং পুজো কমিটি চিরকালই তাদের ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেছে। আজও কাঠের মঞ্চের উপর নতুন ইটে গঙ্গা মাটি লেপে তৈরি করা হয় দেবীর বেদি। সেই বেদিতে দেওয়া হয় চালের গুঁড়ির আলপনা। বিছিয়ে দেওয়া হয় মাদুর, পুজোর সময় সেই বেদিতেই অবস্থান করেন দেবী।