আজকাল ওয়েবডেস্ক: বিসর্জনের আগে দেবীর গলায় পরানো হয় হাজার হাজার টাকার মালা। শুধু ফুলের মালা নয়, টাকার মালায় সেজে ওঠে মা কালী। ভক্তদের বিশ্বাস ও আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ব্যতিক্রমী রীতি। মেমারির মেলনা গ্রামের গুপ্ত পরিবারের কালীপুজোয় বছরের পর বছর ধরে চলে আসছে এই ঐতিহ্য। শুধু টাকার মালাই নয়, পুজোর প্রতিটি আচারেই রয়েছে একাধিক অভিনব নিয়ম। কোথাও হয় না আরতি, বাজে না ঘণ্টা, দেওয়া যায় না পুষ্পাঞ্জলিও। এমনকি মাত্র ৫০০ ফুট পথ পেরিয়ে প্রতিমাকে মূল মন্দিরে পৌঁছতে সময় লাগে প্রায় চার ঘণ্টা।
মেলনার গুপ্ত পরিবারের এই কালীপুজো আজ আর শুধু পারিবারিক পুজোয় সীমাবদ্ধ নেই। তা পরিণত হয়েছে গোটা এলাকার মানুষের উৎসবে। কালীপুজোর দিন সকালেই প্রতিমায় রং করে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়। এরপর নির্দিষ্ট রীতি মেনে মাকে বরণ করা হয়। মন্দিরে ‘আটঙ্গে’ তোলার পর জল ও নানা উপচারে মাকে মুছিয়ে চলে প্রথাগত আচার।
এই পুজোর অন্যতম বিস্ময়কর দিক হলো, এখানে প্রচলিত নিয়মে কোনও আরতি বা পুষ্পাঞ্জলি হয় না। এমনকী ঘণ্টাধ্বনিও নিষিদ্ধ। নিজস্ব পারিবারিক রীতি মেনেই সম্পন্ন হয় পুজো। দেবীর চক্ষুদানের সময় বলিপ্রদানেরও বিশেষ বিধান রয়েছে।
কালীপুজোর সন্ধ্যায় নারায়ণ মন্দির থেকে মূল মন্দিরে নিয়ে আসা হয় মাকে। দুই মন্দিরের দূরত্ব মাত্র ৫০০ ফুট। কিন্তু সেই পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় চার ঘণ্টা! কারণ, সাধারণভাবে হেঁটে নয়, নাচাতে নাচাতে অত্যন্ত ধীরগতিতে মাকে নিয়ে আসা হয় মূল মন্দিরে। সূর্যাস্তের ঠিক আগে পুকুরঘাটে দেবীকে নিয়ে যাওয়ারও বিশেষ রীতি রয়েছে। সূর্য যখন অর্ধেক ডুবে যায়, সেই বিশেষ ক্ষণেই পালন করা হয় নির্দিষ্ট আচার। পুজোর দিন বিকেলেই রয়েছে প্রণাম খাটানোর রীতি।
তবে এই পুজোর সবচেয়ে আকর্ষণীয় পর্ব বিসর্জন। ঘট-সহ প্রতিমাকে কাঁধে তুলে নাচ শুরু করেন ভক্তরা। এরপর গ্রামের প্রতিটি বাড়ির দোরে দোরে ঘোরানো হয় মাকে। সারাদিন ধরে চলে গ্রাম পরিক্রমা। আর এই বিসর্জন পর্বেই মায়ের গলায় শোভা পায় টাকার মালা। গহনা ও টাকার মালায় সাজিয়ে শেষবারের মতো মাকে বরণ করেন ভক্তরা। তারপর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমাকে নিয়ে যাওয়া হয় পুকুরঘাটে।
টাকার মালায় সজ্জিত দেবী, নাচাতে নাচাতে গ্রাম পরিক্রমা এবং বিসর্জনের আগে শেষবারের মতো বরণসব মিলিয়ে মেলনার গুপ্ত পরিবারের কালীপুজো যেন ঐতিহ্য ও আবেগের এক অনন্য মেলবন্ধন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই রীতিই আজও মেলনার কালীপুজোকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি।