Loading...

চিকেনের কষা, ঝোল খেয়ে মুখে অরুচি? নবমীর ভোজে ট্রাই করুন আদিবাসী স্টাইলে এই শালপাতা পোড়া চিকেন

  • নিজস্ব সংবাদদাতা

  • ১০ অক্টোবর ২০২৬, ১৬:৯

চিকেনের কষা, ঝোল তো অনেক খেলেন। মুখের স্বাদ পাল্টাতে একবার ট্রাই করতে পারেন শালপাতা পোড়া চিকেন বা 'চিকেন পাতুরি'। বিশেষ করে শালপাতার হালকা একটা সোঁদা গন্ধ মুরগির মাংসের সঙ্গে মিশে দারুণ এক স্বাদ তৈরি করে। নবমীর দুপুর হোক বা রাতে এই রেসিপি পাতে পড়লে আর কোনও কথা নেই।

এই রেসিপির জন্য লাগবে চিকেন: ৫০০ গ্রাম (বোনলেস বা ছোট টুকরো করা হাড়সহ চিকেন), সর্ষের তেল: ৩-৪ টেবিল চামচ, টক দই: আধ কাপ, আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি: ২টো বড় সাইজের, কাঁচালঙ্কা বাটা: স্বাদমতো, হলুদ গুঁড়ো: আধ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ (রঙের জন্য), নুন: স্বাদমতো, চিনি: সামান্য (স্বাদ ব্যালেন্স করার জন্য), শালপাতা: ৬-৮টি (বড় সাইজের), সুতো: বাঁধার জন্য

ADVERTISEMENT

প্রথমে একটা বড় পাত্রে চিকেনের টুকরোগুলো নিন। তাতে টক দই, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য নুন, চিনি এবং ১ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিন। অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিন।

আরও পড়ুন

মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন যাতে মাংস থেকে জল বেরিয়ে মাংসটা প্রায় আধা সেদ্ধ হয়ে যায়। মাংস খুব বেশি শুকনো করবেন না, একটু মাখা-মাখা রাখবেন।

এবার শালপাতাগুলো ভাল করে মুছে নিন। প্রয়োজনে দুটো পাতা একসঙ্গে রেখে বড় জায়গা তৈরি করুন। পাতায় সামান্য সর্ষের তেল মাখিয়ে নিন। মাঝখানে ২-৩ টুকরো চিকেন ও সামান্য ঝোল দিন। ওপর থেকে ১-২টি কাঁচালঙ্কা চিরে দিতে পারেন। এবার পাতাগুলো চারপাশ থেকে মুড়ে সুতো দিয়ে ভাল করে বেঁধে দিন যাতে ভিতরের ঝোল বেরিয়ে না আসে।

একটি চাটু বা তাওয়া গরম করুন। তাতে সামান্য তেল ব্রাশ করে নিন। এবার তৈরি করা শালপাতার মোড়কগুলো তাওয়ার ওপর রেখে দিন। কম আঁচে ঢাকা দিয়ে ৫-৭ মিনিট করে প্রতিটি পাশ সেঁকে নিন। এতে পাতার নিজস্ব ঘ্রাণ মাংসের ভিতরে ভালভাবে ঢুকে যাবে।দু'পাশ ভালভাবে সেঁকা হয়ে গেলে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে এই শালপাতা চিকেন পরিবেশন করুন। যদি শালপাতা না পান, তবে কলাপাতা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কলাপাতা সামান্য আগুনে সেঁকে নরম করে নেবেন যাতে মোড়ানোর সময় ভেঙে না যায়।

ADVERTISEMENT