Loading...

'অষ্টমীতে খিচুড়ি ভোগ চাই-ই চাই,' ডায়েট ভুলে ফাস্টফুডও চলে! কীভাবে পুজো কাটান অঙ্গনা?

ছোটবেলায় আসানসোলে পুজো কেটেছে অভিনেত্রী অঙ্গনা রায়ের। কলকাতায় আসার পর পুজোর দিনগুলো একটু অন্যভাবে কাটে তাঁর। কাজ, পরিক্রমায় ব্যস্ত থাকলেও পরিবারকে সময় দিতে ভোলেন না তিনি। অঙ্গনা আজকাল ডট ইন-কে জানান, তাঁর কাছে অষ্টমী মানেই মহাভোগ খাওয়া। ভোগের খিচুড়ি আর লাবড়া খেতে দারুণ ভালবাসেন অভিনেত্রী।

অঙ্গনার কথায়, "আমার পুজো কাটে বাড়ির সবাইকে নিয়েই। দাদুকে নিয়ে ঠাকুর দেখাতে বের হই। আসানসোলের পুজোর সাজসজ্জার থেকে কলকাতার পুজোর সাজসজ্জা অনেকটাই আলাদা। দাদু শহরজুড়ে আলো, প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখতে পছন্দ করেন। তাই পুজোর সময় আমরা সবাই একটা দিন অন্তত পরিবারকে দিই। এছাড়াও আমার ছোটবেলার বন্ধুদের সঙ্গে প্ল্যান থাকে। খুব সীমিত বন্ধু-বান্ধব আমার। তাই পুজোর ক'টা দিন সবাই একসঙ্গে দেখা করি, আড্ডা দিই। নিজেদের মতো করে বন্ধুত্ব উদযাপন করি আর কী।"

ADVERTISEMENT

তিনি আরও বলেন, "সারা বছর যেহেতু ডায়েট মেনে চলি, পুজোর ক'টা দিন ছাড় দিই নিজেকে। মনের সুখে ফুচকা খাওয়াটা তখন আমার ধ্যান-জ্ঞান। বিশেষ করে নবমীতে ফুচকা খেতেই হবে। এছাড়াও টুকটাক ফাস্টফুড খাই। সব মিলিয়ে পুজোটা উপভোগ করি কাছের মানুষদের নিয়ে।"

আরও পড়ুন

ADVERTISEMENT