Loading...

সপ্তমীর ভোজে ট্রাই করুন ফিস টিক্কা মশালা, একদম সহজ উপায়ে কীভাবে বানাবেন?

  • নিজস্ব সংবাদদাতা

  • ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৪২

সপ্তমীতে দুপুর হোক বা রাত মাছে-ভাতে বাঙালির পাতে থাকুক নিত্য নতুন রেসিপি। বাঙালি পদ থেকে বেরিয়ে একটু অন্য স্বাদের ফিস টিক্কা মশালা ট্রাই করুন। জেনে নিন কীভাবে বানাবেন। এই রেসিপি বানাতে লাগবে মাছ: ৫০০ গ্রাম (রুই, ভেটকি বা বোয়াল মাছের ফিলে—ছোট টুকরো করা), টক দই: ৩ চামচ, আদা-রসুন বাটা: ১ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ চামচ (রঙের জন্য), হলুদ গুঁড়ো: আধ চামচ, জিরে গুঁড়ো: আধ চামচ, গরম মশলা গুঁড়ো: আধ চামচ।

এছাড়া লাগবে লেবুর রস: ১ চামচ, সরষের তেল বা মাখন: ১ চামচ, নুন: স্বাদমতো, পেঁয়াজ কুচি: ২টি (মাঝারি আকারের), টমেটো পিউরি বা পেস্ট: ২টি টমেটোর, কাজুবাদাম বাটা বা চারমগজ বাটা: ২ চামচ (গ্রেভি ঘন করার জন্য), কসৌরি মেথি: ১ চামচ, ফ্রেশ ক্রিম বা মালাই: ২ চামচ

ADVERTISEMENT

প্রথমে মাছের টুকরোগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার একটা পাত্রে টক দই, আদা-রসুন বাটা, লেবুর রস, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, নুন এবং সরষের তেল ভাল করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।

আরও পড়ুন

এই মশলায় মাছের টুকরোগুলো মাখিয়ে ৩০ মিনিট ঢেকে রেখে দিন। কড়াইতে সামান্য তেল বা মাখন দিয়ে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছ শক্ত হয়ে যেতে পারে। আপনি চাইলে ওভেনে বা এয়ার ফ্রাইয়ারেও গ্রিল করে নিতে পারেন।

কড়াইতে তেল বা মাখন গরম করে তাতে সামান্য জিরে ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ ভাজা হলে আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিন। এরপর টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে মশলা থেকে তেল ছাড়ানো পর্যন্ত কষতে থাকুন। মশলা কষে গেলে কাজুবাদাম বাটা দিয়ে আরও ২-৩ মিনিট ভাল করে নাড়াচাড়া করুন।

মশলা দিয়ে তেল ছাড়লে তাতে দেড় কাপ মতো ঈষদুষ্ণ জল ও সামান্য চিনি দিয়ে গ্রেভি ফুটতে দিন। গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো গ্রেভিতে সাবধানে ছেড়ে দিন। মাঝারি আঁচে ৫ মিনিট ফুটিয়ে নিন যাতে মশলার স্বাদ মাছের ভিতরে ভালভাবে ঢুকে যায়। নামানোর আগে ওপরে কসৌরি মেথি ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিন।

ব্যাস! তৈরি হয়ে গেল আপনার সুস্বাদু ফিস টিক্কা মশালা। এটি গরম গরম পোলাও, ফ্রাইড রাইস বা নান-এর সঙ্গে পরিবেশন করুন।

ADVERTISEMENT