আজকাল ওয়েবডেস্ক: বার্লিনে বাঙালির উদ্যোগে দুর্গাপুজো। অষ্টমীর সন্ধেয় বাংলা ব্যান্ডের গান। সব মিলিয়ে এই পুজোয় একেবারে জমজমাট ছ'দিন। একদিকে বাংলা গান, অন্যদিকে পাতে লুচি-বেগুন ভাজা-পোলাও।
জার্মানির বার্লিনে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির অন্যতম বৃহৎ উৎসব বার্লিন সর্বজনীন দুর্গোৎসব ২০২৬ আয়োজিত হতে চলেছে Ignite e.V.(ইগনাইট ই.ভি)-এর উদ্যোগে। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর ২০২৬, বার্লিনের শ্রী গণেশ টেম্পলে ছ'দিনব্যাপী এই দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
এই বছর উৎসবের উদ্বোধন করবেন জার্মানিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী অজিত গুপ্তে। ছ' দিনের আয়োজনে রয়েছে পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান আর দেদার আড্ডার পরিকল্পনা। পুজো কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রতি সন্ধ্যায় ভারতীয় ও জার্মান শিল্পীদের অংশগ্রহণে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দু'দেশের সংস্কৃতির মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করবে।
তবে, এ বছরের অন্যতম আকর্ষণ ১৮ অক্টোবর, অষ্টমীর সন্ধ্যায়। উদ্যোক্তাদের মতে, জার্মানিতে প্রথমবারের মতো জনপ্রিয় বাংলা রক ব্যান্ড লক্ষ্মীছাড়া-র সরাসরি পরিবেশনা থাকছে।
পুজো কর্তৃপক্ষ, Ignite e.V. একটি জার্মান অলাভজনক সংগঠন, যার মূল লক্ষ্য বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা এবং বার্লিনে বসবাসকারী বাঙালি ও ভারতীয় সম্প্রদায়কে একত্রিত করা। ২০২১ সালে তারা প্রথম এই দুর্গাপুজোর আয়োজন করে। প্রথম দুর্গাপুজোয় প্রায় ২,০০০ দর্শনার্থী থেকে শুরু করে ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৫,০০০-এ। এই উৎসব ইতিমধ্যেই স্থানীয় জার্মান সমাজের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।