Loading...

পুজো আসলে মনে হয় ভাল কিছু একটা হতে চলেছে: অর্কজা

'পরশু তো ষষ্ঠী এর মধ্যে....', জনপ্রিয় সংলাপ আবারও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়ে আজ। আর তার ফাঁকেই পুজোর প্ল্যানিং কী আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন অর্কজা আচার্য।

পুজো তো প্রায় এসেই গেল। কী কী প্ল্যান করেছেন জানতে চাইলে অর্কজা বলেন, "বেড়াতে যাব। সত্যি বলতে, ছোটবেলার পুজো, আর এখনকার বড় হওয়ার পরের পুজোগুলো অনেকটা অনেকটা আলাদা হয়ে যায়। ছোটবেলায় বন্ধুবান্ধবরা থাকে। এখন বেশিরভাগ বন্ধুবান্ধব কলকাতার বাইরে থাকে। সুতরাং পুজোর সেই আনন্দ, সেই ঠাকুর দেখার উত্তেজনাটা কোথাও গিয়ে কমে গিয়েছে। কিন্তু পুজো আসলে মনে হয় ভাল কিছু একটা হতে চলেছে। তাই বেড়াতে যাব। কলকাতার বাইরের পুজোটা কেমন হয় সেটা দেখব।"

ADVERTISEMENT

ছোটবেলার আর বড় হওয়ার পুজো আলাদা হয়, এটা নিঃসন্দেহে। কিন্তু কী কী বদল অনুভব করেছেন অর্কজা নিজে? অভিনেত্রী বললেন, "ম্যাচিওর হয়ে যাওয়া, হঠাৎ বড় হয়ে যাওয়ার পর মনে হয়, হ্যাঁ পুজো ৪-৫ টা দিন একটু ছুটি পাব। ছোটবেলা সেটা একদমই ছিল না। সবথেকে বেশি মিস করি, দিদিকে। আমার দিদি বাইরে থাকে। বন্ধুরাও সবাই বাইরে।"

আরও পড়ুন

অর্কজার কাছে পুজো আর কোন জিনিসটা সমার্থক? "পুজো মানে হচ্ছে ৪-৫ দিন টেনশন মুক্ত হয়ে ভাল থাকা। চারিদিক আলো, ঠাকুর দেখা, নতুন নতুন জামাকাপড় পরা, এই গুড ভাইবসটা খুব প্রয়োজন মনে হয় একটা মানুষের জীবন। বাকি সময়টা এত চাপে কাটে, এই ৪-৫ দিন মানুষ সেটা ভুলে থাকতে পারে। সেইটা আমার কাছে আলাদা প্রাপ্তি", বললেন তিনি।

যে জিনিসটা ছাড়া পুজো অসমাপ্ত, পুজোর প্রেম। হয়েছে কখনও? প্রশ্ন শুনেই হাসি তাঁর। কোনও মতে বললেন, "পুজোর প্রেম ওরকম ভাবে আলাদা করে হয়নি। কিন্তু হ্যাঁ, একটু লাইন মারামারি, অঞ্জলির সময় একটু লুকিয়ে লুকিয়ে দেখা, ঝাড়ি মারা তো হয়েছে টুকটাক। তবে, পুজোয় প্রেম করা হয়েছে, প্রেমিকের সঙ্গে কলকাতা ঘুরে দেখা হয়েছে। নর্থ থেকে সাউথ হাঁটা হয়েছে, প্রচুর ভুলভাল খাওয়া হয়েছে।"

ADVERTISEMENT