বিকেলের আড্ডা হোক কিংবা বাড়িতে অতিথি আপ্যায়ন, চটপটা কিছু খেতে ইচ্ছে করলে পাপড়ি চাটের জুড়ি মেলা ভার। মুচমুচে পাপড়ি, সেদ্ধ আলু, টক-মিষ্টি চাটনি, টাটকা দই আর মশলার মেলবন্ধনে তৈরি এই জনপ্রিয় স্ট্রিট ফুড সহজেই মন জয় করে নেয়। বাইরে থেকে কিনে না এনে বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু পাপড়ি চাট। রইল উপকরণ থেকে শুরু করে তৈরির সহজ পদ্ধতি।
২ জনের জন্য পাপড়ি চাট বানাতে কী কী লাগবে?
সেদ্ধ আলু: ২টি
সেদ্ধ ছোলা: আধ কাপ
টক দই: আধ কাপ
তেঁতুলের মিষ্টি চাটনি: ২ টেবিল চামচ
ধনেপাতা ও কাঁচালঙ্কার চাটনি: ২ টেবিল চামচ
চাট মশলা: আধ চা চামচ
ভাজা জিরের গুঁড়ো: আধ চা চামচ
বিট নুন ও সাধারণ নুন: স্বাদমতো
ঝুরিভাজা বা চিকন সেভ: প্রয়োজনমতো
ডালিমের দানা ও কুচোনো ধনেপাতা: সাজানোর জন্য
পাপড়ি বাড়িতে বানাতে চাইলে ১ কাপ ময়দা, ১ টেবিল চামচ সুজি, ১ টেবিল চামচ তেল, সামান্য জোয়ান, নুন ও প্রয়োজনমতো জল লাগবে।
ময়দা, সুজি, জোয়ান, নুন ও তেল মিশিয়ে অল্প অল্প জল দিয়ে শক্ত মণ্ড তৈরি করুন। পাতলা করে বেলে ছোট গোল আকারে কেটে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিন। মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে ঠান্ডা করুন। সময় বাঁচাতে দোকানের তৈরি পাপড়িও ব্যবহার করতে পারেন।
সেদ্ধ আলু ছোট টুকরো করে নিন। তার সঙ্গে সেদ্ধ ছোলা, বিট নুন, চাট মশলা ও ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে নিন। ঝাল পছন্দ করলে সামান্য কাঁচালঙ্কা কুচিও দিতে পারেন।
একটি পাত্রে টক দই ভালো করে ফেটিয়ে নিন, যাতে দই মসৃণ হয়। স্বাদ অনুযায়ী সামান্য নুন ও চিনি মেশাতে পারেন। এবার একটি প্লেটে পাপড়িগুলি সাজিয়ে তার উপর আলু ও ছোলার মিশ্রণ দিন। এবার ফেটানো দই ছড়িয়ে দিন।
উপর থেকে তেঁতুলের মিষ্টি চাটনি, ধনেপাতার চাটনি, চাট মশলা ও ঝুরিভাজা ছড়িয়ে দিন। সবশেষে ডালিমের দানা ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।