মধ্য কলকাতাতেই এবার গড়ে উঠল রাম রাজ্য। কোথায়? সেন্ট্রাল কলকাতার তারাচাঁদ দত্ত স্ট্রিটের ইয়ংস বয়েস ক্লাবে। এই ক্লাবের এবারের পুজোর থিম হল রাম রাজ্য।
ইয়ংস বয়েস ক্লাবের পুজো এই বছর ৫৭ বছরে পা দিল। সেই উপলক্ষ্যে এবারের এই বিশেষ থিমের আয়োজন করা হয়েছে। কী তুলে ধরা হবে এই মণ্ডপে? শান্তি রয়েছে, রয়েছে ন্যায় বিচার, ভাতৃত্ববোধ, একতা এমন একটা আদর্শ সমাজের ছবি।
ADVERTISEMENT
প্রসঙ্গত, ইয়ংস বয়েস ক্লাব প্রতি বছরই নতুন নতুন থিম এনে দর্শনার্থীদের চমক দেয়। এই বছরও তার অন্যথা হবে না। রাম রাজ্য থিমের মধ্য দিয়ে তারা সমাজে যে অন্যায় নয়, ন্যায় বিচারের জয় হয়, অসম্মানের থেকে সম্মানকে সমাদর জানানো হয়, প্রকৃতির মধ্যে যে সর্বদা একতা বজায় থাকে, সেটাকেই তুলে ধরা হবে।
ইয়ংস বয়েস ক্লাবের এবারের থিম এবং প্যান্ডেল সেজে উঠছে শিল্পী দেবশঙ্কর মহেশের ভাবনায়। পূর্ব মেদিনীপুরের শিল্পীরা এসে এই মণ্ডপ সাজিয়ে তুলছেন। শুকনো পাতা, ফল, ফুল, বীজ, ইত্যাদি দিয়ে এই মণ্ডপকে সাজিয়ে তোলা হচ্ছে। অর্গানিক একটা ভাইব থাকবে মণ্ডপে। একই সঙ্গে তারা থিমের মধ্যে দিয়ে যে বার্তা দিতে চাইছেন সেটাও তুলে ধরা হবে। ইয়ংস বয়েস ক্লাবের এবারের ঠাকুর বানাচ্ছেন কুশধ্বজ বেরা।
এবারের পুজো এবং থিম সম্পর্কে ক্লাবের মূল উদ্যোক্তা রাকেশ সিং বলেন, 'আমরা সবসময় দুর্গাপুজোয় ভক্তির সঙ্গে ক্রিয়েটিভিটির একটা সুন্দর মিশেল তৈরি করার চেষ্টা করেছি, যেখানে কোনও সামাজিক বার্তা থাকবে। রাম রাজ্যের সঙ্গে আমরা আদর্শ সমাজ কেমন হওয়া উচিত সেটার বার্তা দেওয়ার চেষ্টা করছি। আমরা চাই দর্শনার্থীরা আমাদের মণ্ডপে এসে প্যান্ডেলের সৌন্দর্য দেখার পাশাপাশি থিমে থাকা মূল্যবোধ শিক্ষার সঙ্গে নিজেদের মেলাতে পারেন।'
মহাপঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য খুলে যাবে এই মণ্ডপ। পুজোর কদিন ভোগ বিতরণ করা হবে। এই পুজোর বিষয়ে ক্লাবের তরফে বিনোদ সিং বলেন, 'আমাদের প্রতি বছরই লক্ষ্য থাকে এমন কিছু বানানো যা দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই বছর প্রাকৃতিক জিনিস ব্যবহার করে মণ্ডপ বানানো হয়েছে, সঙ্গে রয়েছে দুর্দান্ত আলোকসজ্জা।'