পুজোর সময় পাতে থাকুক ফিউশন রেসিপি। এই রান্নাটা একবার পাতে পড়লেই হবে চেটেপুটে সাফ। জেনে নিন কীভাবে বানাবেন দারুণ স্বাদের বাঁধাকপি চিকেন? এটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে।
এই রেসিপি তৈরি করতে লাগবে চিকেন: ৩০০ গ্রাম (ছোট টুকরো করা, হাড় ছাড়াও নিতে পারেন), বাঁধাকপি: ১টি মাঝারি সাইজের (কুচানো), আলু: ১টি মাঝারি সাইজের (ছোট টুকরো করে কাটা)। আর লাগবে পেঁয়াজ কুচি: ১ ১টা বড়, টমেটো কুচি: ১টি বড়, আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ।
আর লাগবে কাঁচা লঙ্কা: ৪-৫টি (চেরা), হলুদ গুঁড়ো: ১ চা চামচ, জিরে গুঁড়ো: ১ চা চামচ, ধনে গুঁড়ো: ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ (ঝাল অনুযায়ী), গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ ফোড়নের জন্য: গোটা জিরে (১/২ চা চামচ), তেজপাতা (১টি), দারুচিনি ও এলাচ, সর্ষের তেল: রান্নার জন্য পরিমাণমতো, নুন: স্বাদমতো।
প্রথমে চিকেনের টুকরোগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার সামান্য নুন, হলুদ গুঁড়ো এবং আধ চামচ আদা-রসুন বাটা দিয়ে চিকেনটি ১৫-২০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কুচানো বাঁধাকপি সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নিতে পারেন, এতে বাঁধাকপির কাঁচা গন্ধটা চলে যায়।
এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আলুগুলো হালকা ভেজে তুলে রাখুন। এরপর ওই তেলেই গোটা জিরে, তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। এরপর বাকি আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাল করে কষতে থাকুন।
এবার টমেটো কুচি এবং চেরা কাঁচা লঙ্কা দিন। টমেটো নরম হয়ে এলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে কড়াইতে দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন কষানো হয়ে গিয়েছে।
মশলার মধ্যে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো এবং ভেজে রাখা আলু দিয়ে দিন। মাঝারি আঁচে ঢাকা দিয়ে চিকেনটি মশলার সঙ্গে ভাল করে কষাতে থাকুন যতক্ষণ না চিকেন থেকে তেল বের হয়।
চিকেন সেদ্ধ হয়ে এলে তার মধ্যে ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিন। মশলার সাথে বাঁধাকপি এবং চিকেন খুব ভাল করে মিশিয়ে নিন। পরিমাণমতো নুন দিন, বাঁধাকপি কমার পর নুন কম-বেশি হতে পারে, তাই বুঝে দেবেন। এবার কড়াই ঢাকা দিয়ে কম আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। বাঁধাকপি থেকে জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। জল শুকিয়ে মাখা মাখা হয়ে এলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন।
তৈরি হয়ে গেল সুস্বাদু ও পুষ্টিকর বাঁধাকপি চিকেন! রান্নার শেষে উপর থেকে সামান্য ঘি ও কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলে এর স্বাদ আরও বহুগুণ বেড়ে যায়।