পুজোর ফ্যাশনে বাঙালিয়ানার ছোঁয়া তো থাকা চাই-ই চাই। অষ্টমী হোক বা নবমীর রাত, অভিনেতা সৌম্য মুখার্জির মতো স্টাইল চাইলেই করতে পারেন।
সৌম্য এখানে পরেছেন হলুদ সিল্কের পাঞ্জাবি ও নেহেরু জ্যাকেট। ছিমছাম অথচ সাবেকিয়ানায় ভরপুর তাঁর এই লুক নজর কাড়তে বাধ্য। অষ্টমীর দিন হোক বা বন্ধুদের সঙ্গে নবমীর রাতে আড্ডা সবেতেই মানানসই হবে এই লুক।
সৌম্য নিজেও সাবেকিয়ানার সঙ্গে ইন্দো-ওয়েস্টার্ন লুক মিশিয়ে পুজোর ক'টা দিন ফ্যাশন করতে চান। তাঁর এই বছরের পুজো কাটবে কাজ ও আনন্দ-আড্ডার মিশেলেই। আজকাল ডট ইন-কে অভিনেতা জানান, পুজোর আগে তাঁর একটা শুটিং রয়েছে। আর সেই শুটিংয়েও নাকি থাকবে পুজোর ছোঁয়া।
সৌম্য বলেন, "পুজোর সময় আমার রোজ বিরিয়ানি চাই। তখন ডায়েটের কথা একদম ভুলে যাই, শুধু মনের কথাই শুনি। এই বছর পুজোয় প্ল্যান আছে কাছের বন্ধুদের নিয়ে ব্যারাকপুরে বিরিয়ানি খেতে যাব। আমার মামারবাড়ি খড়দহ। ছোটবেলায় পুজো ওখানেই কাটত। এই বছর তাই ওইদিকে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে।"

শুট সৌজন্য: মডেল সৌম্য মুখার্জি, পোশাক অভিজিৎ দাস, মেকআপ সুমন গাঙ্গুলি, হেয়ার মৌসুমী ছেত্রী, স্টাইলিং সুব্রত রায়, জুয়েলারি খুবসুরত ফ্যাশন, ছবি ও ভিডিও আবির রিঙ্কু হালদার, সহায়তা সায়ন রক্ষিত, লোকেশন ও ফুড পার্টনার পোলো ফ্লোটেল, ভাবনা ও প্রয়োগ শ্যামশ্রী সাহা।