সপ্তমীর দিন পাড়ায় আড্ডা হোক বা বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, সাজগোজ আর খাওয়াদাওয়া তো হবেই৷ হইহুল্লোড় সামলে সাজ কীভাবে অটুট থাকবে, কী করলে মেকআপ দীর্ঘক্ষণ সুন্দর থাকবে, আজকাল ডট ইন-কে সপ্তমীর সাজের টিপস দিলেন মেকআপ আর্টিস্ট শুভম চক্রবর্তী।
স্কিন প্রেপ: আগে আমরা জানতাম মেকআপ করার আগে সিটিএম অর্থাৎ ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করতে হবে৷ এখন কিন্তু অনেকটা অ্যাডভান্স, ডিপ ক্লিনসিং মাস্ট, তারপর ভাল ময়েশ্চারাইজ করে এমন প্রাইমার বা কোনও লাইটওয়েট ক্রিম ব্যবহার করতে হবে। যদিও এই গরমে তেলতেলে কিছু না লাগিয়ে গ্রিপ প্রাইমার সাজেস্ট করব। কারণ মেকআপে স্কিন প্রেপ করতে গিয়ে লেয়ারিং বেশি হলে গরমে সমস্যা হবে৷
ঝলমলে মেকআপ: অনেক সময় মেকাপ করার পর স্কিন কিছুক্ষণ পর একটু কালো দেখায়৷ এই সমস্যা সমাধানের জন্য যেকোনো ভাল ব্র্যান্ডের গ্রিপ প্রাইমার, যেটা মেকআপ এবং স্কিন এর সাথে একটা ব্যারিয়ার গঠন করবে,এটাই ফাউন্ডেশনের রংকে দীর্ঘসময় ধরে রাখতে সাহায্য করে৷
সপ্তমীর সাজ: এখন লাউড মেকআপ এর চল নেই। বেস মেকআপ করার সময় ত্বকের দাগছোপ ঢাকতে যদি বেশি কনসিলার ব্যবহার করতে হয়, তাহলে লিকুইড ফাউন্ডেশন খুব সামান্য ব্যবহার করতে হবে৷ বেসটা শুকিয়ে যাওয়ার আগেই সামান্য লিকুইড ব্লাশ তারপর পাউডার হাইলাইটার,সবশেষে চোখের নীচে, নাকের দুপাশ, ঠোঁটের চারপাশ বেকিং পাউডার আর কম্প্যাক্ট দিয়ে সেট করে সেটিং স্প্রে দিয়ে সেট করতে হবে৷ এরপর একটা ফিক্সিং স্প্রে দিলে মেকআপ একদম ট্রান্সফার প্রুফ হবে৷ সঙ্গে ব্লটিং পেপার রাখতে পারেন, ত্বকের অতিরিক্ত তেল শুষে নেবে৷
চোখ ও চুলের সাজ: শাড়ি পরলে মেসি বান খুব এলিগেন্ট একটা লুক দেবে, আর যদি চুল খোলা রাখতে চান তাহলে ব্লো ড্রাই বা সফ্ট কার্লস করে ছাড়িয়ে নিলেই সুন্দর দেখাবে৷ ওয়েস্টার্ন এর সঙ্গে স্ন্যাচ হেয়ারস্টাইল সঙ্গে একটু বোল্ড আই উইথ নুড লিপস্টিক। চোখের মেকআপ লাউড হলে হালকা লিপস্টিক আর লিপস্টিকের রং ঘন হলে চোখের মেকআপ হালকা রাখতে হবে৷
ব্লাশ ও হাইলাইটার: খুব কম ব্যবহার করবেন৷ যদি ব্লাশ এর রং নিয়ে দ্বিধা থাকে তাহলে হালকা অরেঞ্জ বা পিচ টোন ব্যবহার করতে পারেন, সব কিছুর সঙ্গে মানানসই। লিকুইড জেল হাইলাইটার ইউজ করতে পারেন৷
পুজোতে প্রথম মেকআপ: মেকআপ মানেই এক্সপ্রিমেন্ট, নতুন সৃষ্টি তে মেতে থাকা। নির্দিষ্ট কোনও নিয়ম হয় না। তাই মন খুলে সাজুন৷ শুধু ব্রাশ, বিউটি ব্লেণ্ডার যেন পরিস্কার থাকে৷ স্বাস্থ্যকর খাবার খান৷ ত্বক ভাল হলে মেকআপ আরও সুন্দর হবে৷