পুজো প্রায় চলে এল বলে। দেবীপক্ষের শুরু হওয়ার জন্য বাকি আর মাত্র কয়েক দিন। আর এই উৎসবের মরসুমে বাঙালি মানেই নতুন জামাকাপড়ের কেনাকাটার ধুম। কিন্তু কলকাতার গড়িয়াহাট, হাতিবাগান কিংবা নিউ মার্কেটের সেই থিকথিকে মাথার ভিড় আর গরমে ট্রায়াল রুমের বাইরে দীর্ঘ লাইন? নৈব নৈব চ! ভিড় এড়িয়ে কীভাবে শান্তিতে আর সময় নিয়ে সারবেন দুর্গাপুজোর বাজার? রইল কিছু দুর্দান্ত টিপস ও স্ট্র্যাটেজি।
পুজোর মুখে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, সাউথ সিটি মল, মধ্যে কলকাতার এসপ্ল্যানেড-পার্ক স্ট্রিট চত্বর অথবা উত্তর কলকাতার হাতিবাগানের মতো জনপ্রিয় কেনাকাটার জায়গাগুলোতে সপ্তাহান্তে পা ফেলার জায়গা থাকে না। দূর-দূরান্তের জেলা থেকেও মানুষ আসেন কেনাকাটা করতে। তাই ভিড় এড়িয়ে পছন্দের পোশাক ও জিনিসপত্র কিনতে ফলো করুন এই সহজ উপায়গুলো -
আগেভাগেই সেরে নিন মূল কেনাকাটা: মহাষষ্ঠীর অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ আগেই কেনাকাটার বড় অংশ শেষ করে ফেলার চেষ্টা করুন। উৎসবের ঠিক আগের শেষ তিনটি উইকেন্ডে শহরের সব বাজারে পা ফেলার জায়গা থাকে না। তা যদি না হয়, অন্তত দিন দশ-বারো দিন আগে সেই পাট চুকিয়ে নিন।
সকাল সকাল কেনাকাটা: যদি অফলাইন বা সরাসরি দোকানে গিয়ে কেনাকাটা করার পরিকল্পনা থাকে, তবে সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে কেনাকাটা সেরে ফেলুন। মল কিংবা বড় দোকানগুলো খোলার সঙ্গে সঙ্গেই পৌঁছে গেলে খুব আরামে ট্রায়াল দেওয়া ও যাচাই করে জিনিস কেনা যায়।
উইকেন্ড নয়, সপ্তাহের কাজের দিনগুলোকে বেছে নিন: শুক্রবারের সন্ধ্যা কিংবা শনি-রবিবার পুরোপুরি এড়িয়ে চলুন। বরং সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে সকাল-দুপুরের দিকে বাজার সারুন।
অনলাইন ও একজিবিশন এক্সপো: ভিড় একেবারেই না পছন্দ হলে পুজোর কয়েক সপ্তাহ আগের নানান বুটিক এক্সপোতে ঢুঁ মারতে পারেন বা অনলাইনে চলা সেলে মনের সুখে পছন্দের জামাকাপড় বেছে নিতে পারেন।