Loading...

টাইমস স্কোয়ারে এবছরও জাঁকজমকের দুর্গোৎসব, মহালয়ার অনুষ্ঠান শুরু হবে চন্ডীপাঠ দিয়ে

আজকাল ওয়েবডেস্ক: বিদেশ বিভূঁই, যেখানেই বাঙালি থাকুক না কেন, পুজো এলেই ঘরে ফেরার জন্য মন উতলা হয় সকলের। কিন্তু যাঁরা পারেন না ওই সময়ে ঘরে ফিরতে, তাঁরা? তাঁরা প্রবাসেই ধীরে ধীরে উদযাপন শুরু করেন নিজেদের মতো করে।

বিদেশ বিভূঁইয়ে দুর্গোৎসব বললেই উঠে আসে টাইম স্কোয়ারের কথা। নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কোয়ার, আর ফের সেখানেই আয়োজিত হচ্ছে দুর্গোৎসব। এই নিয়ে দ্বিতীয়বার। আগামী ১০ ও ১১ অক্টোবর দু'দিনব্যাপী এই উৎসবে থাকছে মহালয়ার চণ্ডীপাঠ, শিশু-কিশোরদের গীতাপাঠ, সংগীত ও নৃত্যানুষ্ঠান, পূজা-অর্চনা, অঞ্জলি, ধুনুচি নাচ এবং দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা।

ADVERTISEMENT

২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে সাংবাদিক সম্মেলনে এই আনন্দ-উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর প্রেসিডেন্ট অশোক রক্ষিত, নিউ ইয়র্ক বাংলাদেশ হিন্দু কমিউনিটির সমাজসেবক নবেন্দু দও, সংগঠনের সভাপতি শশধর হাওলাদার, বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট রিনা সাহা, আড্ডা একাডেমির প্রধান পরিচালক আলপনা গুহ, আয়োজক কমিটির কর্মকর্তা অনুপম দও, রোহান রাওয়াত ও সোমা মুখার্জি। এছাড়া সংগীত সাধনা একাডেমির প্রধান পরিচালক মালবিকা চ্যাটার্জি, নৃত্যাঞ্জলি একাডেমির প্রধান পরিচালক চন্দ্রা ব্যানার্জী এবং পূজার পুরোহিত প্রবাস চক্রবর্তীও সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন।

আরও পড়ুন

সাংবাদিক সম্মেলনেই তাঁরা জানান, দ্বিতীয়বারের মতো টাইমস স্কয়ারে দুর্গোৎসব আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় সত্যম রায়চৌধুরীর চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হবে মহালয়ার অনুষ্ঠান।মহালয়ার দিনে নিউ ইয়র্কে বেড়ে ওঠা শিশু-কিশোরদের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হবে। গীতাপাঠ পরিচালনা করবেন সুতিপা চৌধুরী। এরপর মালবিকা চ্যাটার্জির পরিচালনায় সংগীত সাধনা একাডেমি পরিবেশন করবে উদ্বোধনী সংগীতানুষ্ঠান।

উৎসবের অন্যতম আকর্ষণ হবে নৃত্য পরিবেশনা। চন্দ্রা ব্যানার্জীর পরিচালনায় নৃত্যাঞ্জলির ৬০ জনেরও বেশি শিল্পী অংশ নেবেন এ নৃত্যানুষ্ঠানে। পাশাপাশি বাফা ও আড্ডার শিল্পীরাও নৃত্য পরিবেশন করবেন। প্রথম দিনের অনুষ্ঠানে আরও থাকছে বাংলাদেশ ও নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের পরিবেশনা। মেখলা দাশগুপ্তও কনসার্টে অংশ নেবেন। দ্বিতীয় দিন, ১১ অক্টোবর, রবিবার সকাল ১০টায় শুরু হবে দুর্গাপূজা। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে অঞ্জলি। এদিন নৃত্যাঞ্জলির শিল্পীদের পরিবেশনায় থাকছে বিশেষ ধুনুচি নাচ।

এদিন বাংলার শিল্পী দিয়াসিনী রায়ের পরিবেশনার পাশাপাশি জোজো মুখার্জি ও তাঁর ব্যান্ডের কনসার্টও থাকছে অনুষ্ঠানের তালিকায়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক নিরুপমা সাহা জানান, অতিথি শিল্পী হিসেবে বিশিষ্ট শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেবেন।

ADVERTISEMENT