আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর মণ্ডপে এবার উঠে আসছে দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের স্মৃতি এবং ভারতমাতার বীরত্বের কাহিনি। ধর্মীয় আবহের পাশাপাশি দেশপ্রেমের বার্তা দিতে অভিনব উদ্যোগ নিয়েছে বারাসতের লক্ষ্মীনারায়ণ কলোনী কল্যাণ সঙ্ঘ। প্রথম বছরেই ব্যতিক্রমী ভাবনায় শ্যামাপুজো ও দীপাবলি উৎসবের আয়োজন করেছে এই পুজো কমিটি। এবারের পুজোর প্রধান আকর্ষণ দিল্লির ঐতিহাসিক লালকেল্লার আদলে তৈরি বিশাল মণ্ডপ।
লালকেল্লার আদলে মণ্ডপ, ফুটে উঠবে স্বাধীনতার ইতিহাস! বারাসতের কালীপুজোয় দেশপ্রেমের অনন্য ভাবনা
ADVERTISEMENT
‘লালকেল্লায় গৌরব গাথা, শক্তিরূপে ভারতমাতা’ এই ভাবনাকে সামনে রেখেই সাজানো হয়েছে গোটা পুজো প্রাঙ্গণ। লালকেল্লার ঐতিহাসিক গুরুত্বের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রাম, আত্মত্যাগ এবং জাতীয় গৌরবের নানা অধ্যায় দর্শনার্থীদের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।
আরও পড়ুন
মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে বিশেষত্ব। দেবীর মাতৃরূপের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে ভারতমাতার শক্তি, সাহস ও আত্মমর্যাদার প্রতিচ্ছবি। তবে এবারের আয়োজনের সবচেয়ে বড় চমক আধুনিক প্রযুক্তির ব্যবহার। ভারতের মানচিত্রের উপর বিশেষ প্রজেকশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন মুহূর্ত, দেশের গৌরবময় ইতিহাস এবং ভারতীয় সংস্কৃতির নানা দিক। সঙ্গে থাকবে নজরকাড়া আলোকসজ্জা।

ক্লাব সভাপতি শ্যামল রায় ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষের বক্তব্য, শুধুমাত্র প্রতিমা দর্শন বা মণ্ডপসজ্জার মধ্যে পুজোকে সীমাবদ্ধ রাখতে চান না তাঁরা। ইতিহাস, শিল্পকলা ও প্রযুক্তির সমন্বয়ে এমন একটি পরিবেশ তৈরি করতে চান, যার মাধ্যমে দর্শনার্থীরা দেশের অতীত ইতিহাস সম্পর্কেও জানতে পারবেন। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা সংগ্রাম ও দেশের ঐতিহ্যকে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
ক্লাবের অন্যতম কর্মকর্তা গৌরব সাহা মনে করছেন, এই অভিনব আয়োজন কালীপুজোর দিনগুলিতে দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে। সব মিলিয়ে বারাসতের কালীপুজোয় এবার দেবী আরাধনার পাশাপাশি লালকেল্লার ইতিহাস এবং ভারতমাতার শক্তিরূপের মধ্য দিয়ে দেশপ্রেমের এক অন্য ছবি তুলে ধরছে লক্ষ্মীনারায়ণ কলোনী কল্যাণ সঙ্ঘ।
ADVERTISEMENT
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT