আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র নিউইয়র্কের টাইমস স্কোয়ারে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে দু'দিনব্যাপী মহালয়া ও শারদীয় দুর্গোৎসব।
‘মহামিলন ২০২৬’ নামে এই উৎসব চলবে ১১ অক্টোবর রবিবার পর্যন্ত। টাইমস স্কোয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবের মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে বাঙালির ধর্মীয় ঐতিহ্য, সাহিত্য, সংগীত, নৃত্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির চিরন্তন বার্তা।
নিউইয়র্কের ম্যানহাটনের প্রাণকেন্দ্র ফাদার ডাফি স্কোয়ারে অনুষ্ঠিত হতে চলা এই আয়োজনকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বাঙালি এবং অন্যান্য সংস্কৃতির মানুষের অংশগ্রহণে টাইমস স্কোয়ার পরিণত হবে এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলায়।
আয়োজকদের প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১০ অক্টোবর শনিবার মহালয়ার বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। মহিষাসুরমর্দিনী, চণ্ডীপাঠ, দেবী দুর্গার বন্দনা, সাংস্কৃতিক পরিবেশন এবং শারদীয় উৎসবের নানা অনুষ্ঠান থাকবে প্রথম দিনের কর্মসূচিতে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে বিশেষ অতিথিদের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক পর্ব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
১১ অক্টোবর রবিবার সকাল থেকে শুরু হবে দুর্গাপুজোর বিশেষ আয়োজন। এতে মহাষ্টমীর পুজো, বিজয়া দশমীর অনুষ্ঠান, সিঁদুরখেলা এবং ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক পরিবেশন অন্তর্ভুক্ত থাকবে। দু'দিনই সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে তুলে ধরা হবে বাঙালির বহুমাত্রিক ঐতিহ্য।
এবারের উৎসবের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে দুর্গাপুজো উদ্যাপন এবং বাঙালি সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ছ'টি ঐতিহ্যবাহী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান। তার মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়ার Bay Area Prabasi Inc., ইলিনয়ের Bengali Association of Greater Chicago (BAGC), ওহাইওর Bengali Cultural Society, নিউ ইয়র্কের East Coast Durga Puja Association, নিউ জার্সির Kallol এবং পেনসিলভানিয়ার Pragati।
যুক্তরাষ্ট্রে বাঙালিদের সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠা, নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা ও ঐতিহ্যের চর্চা এবং প্রবাসে সামাজিক বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে এসব সংগঠনের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, উৎসবে নিউ ইয়র্কের নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন নিউইয়র্কের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং ভারত, বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশের কনস্যুলার প্রতিনিধিরা।
এবারের আয়োজন উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ স্মরণিকা ‘টাইমস স্কোয়ার শারদীয়া ২০২৬’। এতে দুর্গাপুজোর ইতিহাস, বাংলাদেশ ও ভারতে এই উৎসবের ঐতিহ্য, যুক্তরাষ্ট্রে দুর্গাপুজোর বিকাশ, মহালয়ার সাংস্কৃতিক তাৎপর্য এবং প্রবাসী বাঙালিদের অবদান নিয়ে বাংলা ও ইংরেজিতে গবেষণাধর্মী প্রবন্ধ, স্মৃতিচারণ ও শুভেচ্ছাবার্তা সংকলিত হয়েছে।
স্মরণিকায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর শুভেচ্ছাবার্তাও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি নিউইয়র্কের মেয়রের কার্যালয়ের শুভেচ্ছাবার্তা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির বক্তব্য রয়েছে। এবারের 'টাইমস স্কোয়ার শারদীয় ২০২৬' সম্পাদনা করেছেন বিশ্বজিৎ সাহা।
টাইমস স্কোয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশনের সভাপতি শশধর হাওলাদার ও সাধারণ সম্পাদক নিরুপমা সাহার নেতৃত্বে আগামী ১০ ও ১১ অক্টোবর নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী দু'দিনব্যাপী মহালয়া ও শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, ‘মহামিলন ২০২৬’ প্রতিপাদ্যে এই উৎসবের মাধ্যমে বিশ্ববাসীর সামনে বাঙালির ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরা হবে।
বিশেষ করে ‘মহামিলন ২০২৬’ নামকরণের মাধ্যমে ধর্ম, বর্ণ, ভাষা ও ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে মানুষের মিলনের আহ্বান জানানো হচ্ছে। বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য, শারদীয় উৎসবের আনন্দ এবং বাঙালির মানবিক মূল্যবোধ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, নিউইয়র্কের টাইমস স্কোয়ার বিশ্বের অন্যতম ব্যস্ত ও পরিচিত জনসমাগমস্থল। এখানে শারদীয় দুর্গোৎসবের আয়োজন প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
আয়োজকরা মনে করছেন, টাইমস স্কোয়ারের এই মহামিলন ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও পরিচিত করবে এবং বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
দু'দিনের এই উৎসবের মধ্য দিয়ে নিউইয়র্কের বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে আবারও উচ্চারিত হবে বাঙালির চিরন্তন সম্প্রীতির বাণী। উৎসব সবার, সংস্কৃতি সবার, মানবতা সবার।