Loading...

নদীর বুকে লেখা সভ্যতার গল্প, পুজোমণ্ডপে তারই ‘জললিপি’, নলিন সরকার স্ট্রিটে এবার সচেতনতার বার্তা

আজকাল ওয়েবডেস্ক: নদীকে ঘিরে মানুষের জন্ম, নদীর বুকেই দূষণের ক্ষত- নলিন সরকার স্ট্রিটে এ বার শিল্পীর তুলিতে জল ও জীবনের আখ্যান

একদিন নদী ছিল জীবনের ঠিকানা। তার জলেই তৃষ্ণা মিটেছে, তার বুক চিরেই গড়ে উঠেছে জনপদ, সভ্যতা। নদীর স্রোতের সঙ্গে বয়ে গিয়েছে মানুষের সুখ-দুঃখ, উৎসব-উদ্‌যাপন, বিসর্জন। সেই নদীই আজ ক্লান্ত, দূষিত, ক্ষতবিক্ষত। সভ্যতার অগ্রগতির সাক্ষী যে নদী, আজ সেই নদীর কাছেই যেন মানুষের বিরুদ্ধে অভিযোগ জমেছে। নলিন সরকার স্ট্রিট সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের পুজোর ভাবনা ‘জললিপি’- সেই অভিযোগ, সেই স্মৃতি আর নদীকে বাঁচানোর আর্তিই এ বার মিশে যাচ্ছে মণ্ডপের শিল্পে।

ADVERTISEMENT

আরও পড়ুন

জন্মভূমি নদী মাতৃকোশ থেকে গঙ্গা, দামোদর, পদ্মা, শতদ্রু, বিপাশা, মন্দাকিনী—নদীর নামের সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় সভ্যতার দীর্ঘ ইতিহাস। নদীর গড়ে দেওয়া ভূপ্রকৃতি, তার স্রোত, তার পাড় ধরে মানুষের পথ চলা- সব মিলিয়ে নদী আসলে শুধু জলধারা নয়, এক জীবন্ত ইতিহাস। সেই ইতিহাসকেই শিল্পের ভাষায় ধরার চেষ্টা ‘জললিপি’-তে।

ভাবনায় শিল্পী সনাতন দিন্দা। তাঁর শিল্পভাবনায় নদীর এই চিরন্তন প্রবাহ যেন কখনও বিসর্জন, কখনও আবাহন। স্রোতস্বিনী নদীর বয়ে চলা পথের পাশে সভ্যতার যে ছবি আঁকা হয়েছে, তার মধ্যেই ধরা পড়বে মানুষের সঙ্গে নদীর নিবিড় সম্পর্ক। কিন্তু সেই ছবির আড়ালেই রয়েছে বর্তমানের নির্মম বাস্তবতা—দূষণ, প্লাস্টিক আর নদীর প্রতি মানুষের অবহেলা।

যে নদীর জলে একসময় মানুষ জীবন খুঁজেছে, আজ সেই নদীর বুকেই জমছে প্লাস্টিক-বর্জ্য। নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, হারিয়ে যাচ্ছে জলজ প্রাণ ও পরিবেশের ভারসাম্য। নদীকে অবহেলা করে সভ্যতা এগিয়ে চলার এই দ্বন্দ্বই ‘জললিপি’-র মূল সুর।

উদ্যোক্তাদের বক্তব্য, নদীমাতৃক দেশে নদী-খাল-বিলের স্বাভাবিক প্রবাহ ও সংস্কার বজায় রাখা গেলে খরা-বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবও অনেকটাই কমানো সম্ভব। অথচ মানুষের অসচেতনতা আজ সেই নদীকেই বিপন্ন করছে। তাই এ পুজোয় মণ্ডপ শুধু দর্শনের জায়গা নয়, হয়ে উঠতে চাইছে একটি প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর জায়গা—নদীকে আমরা কী দিয়েছি, আর নদী আমাদের কী দিয়েছে? দেবীর আবাহনের সঙ্গে তাই এ বার নদীর কাছেও এক প্রার্থনা—ফিরে আসুক তার স্বচ্ছতা, ফিরুক তার স্বাভাবিক স্রোত। মানুষের হাতেই যদি নদীর ক্ষত তৈরি হয়, মানুষের সচেতনতাতেই তার আরোগ্য সম্ভব।

নলিন সরকার স্ট্রিটের ‘জললিপি’ তাই কেবল মণ্ডপের থিম নয়। নদীর বুকে লেখা আমাদের অতীত, বর্তমানের ভুল আর ভবিষ্যতের জন্য রেখে যাওয়া এক সতর্কবার্তা—জল বাঁচলে তবেই বাঁচবে জীবন, বাঁচবে সভ্যতার গল্প।

ADVERTISEMENT