Loading...

'শিকড়ের কাছে ফেরা', কেমব্রিজের ইন্ডিয়ান কালচারাল সোসাইটির দুর্গাপুজোয় বিশেষ জাঁকজমক, রজতজয়ন্তী বর্ষে কী কী চমক?

আজকাল ওয়েবডেস্ক: রজতজয়ন্তী বর্ষে ইন্ডিয়ান কালচারাল সোসাইটি, কেমব্রিজের দুর্গাপুজোয় বিশেষ চমক। এ বছরের ভাবনা, শিকড়ের কাছে ফেরা। লন্ডন থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের এই পুজোয় এবারেও জাঁকজমকের অভাব নেই। অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন ভারতীয় হাই কমিশন, লন্ডনের একজন প্রতিনিধি এবং কেমব্রিজের মেয়র।

ইংল্যান্ডের কেমব্রিজে ইন্ডিয়ান কালচারাল সোসাইটির এই দুর্গাপুজোর সূচনা ২০০২ সালে। এবছর পঁচিশ বছরে পা দিল এই দুর্গাপুজো। ২০০২ সালে কেমব্রিজে তখন হাতে-গোনা কয়েকটি বাঙালি পরিবার আর কিছু ভারতীয় ছাত্রছাত্রীর উদ্যোগে শুরু হয়েছিল এই পুজো। অতীতে বছরে একবার মায়ের সামনে দাঁড়াতে হলে ঘুমকাতর ছেলেমেয়েদের কোলে নিয়ে ভোরের ট্রেনে-বাসে লন্ডন বা অন্য কোনও শহরে ছুটতে হত পরিবারকে। সেই টান থেকেই মিল রোডের ভারত ভবনে একদিনের ছোট্ট একটি পুজো দিয়ে এর পথচলা শুরু।

ADVERTISEMENT

durga puja

আরও পড়ুন

তবে এরপর পুজো বারবার ঠাঁই বদলেছে। কখনও স্কুল, কখনও গির্জার হল, কখনও কলেজ। ২০০৭ সালে পুজো পৌঁছেছে কেমব্রিজের গিল্ডহলে। ২০০৮ সালে এসেছে নতুন প্রতিমা, পুজো হয়েছে দু'দিনের। ২০১৬ সালে এই পুজোতেই নিজস্ব বার্ষিক পত্রিকা 'কথন'-এর পথচলা শুরু হয়।

আর ২০১৭ সালে সেই পুরনো প্রতিমা স্থান পেয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মিউজিয়াম অফ আর্কিওলজি অ্যান্ড অ্যান্থ্রোপলজিতে। যুক্তরাজ্যে প্রতিমা বিসর্জনের সুযোগ নেই। প্রতিমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতেই সেই পথও খুলে যায়। বর্তমানে মিউজিয়ামে স্থায়ীভাবে প্রদর্শিত হয়। মিউজিয়ামের কর্মীরা আদর করে যাকে ডাকে "The Cambridge Goddess"।

durga puja lunch

আজ ICS-এর সঙ্গে জড়িত প্রায় দেড়শো পরিবার। মণ্ডপ, পুজোর ভোগ, সংস্কৃতি, প্রচার, পরিবহণ ও যোগাযোগ, অর্থ এবং স্বাস্থ্য ও নিরাপত্তা – এই সাতটি উপসমিতির স্বেচ্ছাসেবকদের হাতেই চলে পুজো। যে শিশুরা একদিন কচি হাতে পুষ্পাঞ্জলি দিয়েছিল, তাদের অনেকেই আজ নিজেরাই পুজোর দায়িত্ব ভাগ করে নিচ্ছে। জায়গা বদলেছে, মানুষ বেড়েছে, তবুও মায়ের আরাধনার নিয়মনিষ্ঠা আর ঘরোয়া আবহ একই আছে।

গত বছর দু'দিনের পুজোয় কেমব্রিজ ও আশেপাশের শহর থেকে দু'হাজারেরও বেশি মানুষ এসেছিলেন। ছিল অঞ্জলি, ভোগ-প্রসাদ, ধুনুচি নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় ব্যবসায়ীদের স্টল, আর 'কথন'-এর দশম সংখ্যার প্রকাশ। আঠারোটি প্রতিষ্ঠান পুজোর পাশে দাঁড়িয়েছিল, যাদের মধ্যে প্রধান পৃষ্ঠপোষক ছিল ICICI ব্যাঙ্ক। ছোটবড় সকলের অংশগ্রহণে পুজোপ্রাঙ্গণ হয়ে উঠেছিল একটি বড় পরিবারের মিলনস্থল।

durga puja celebration

চলতি বছরে দ্য নেদারহল স্কুল, কেমব্রিজে আগামী ১৭ ও ১৮ অক্টোবর দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। "২৫ বছর, ২৫টি ফ্রেম", গত পঁচিশ বছরের স্মৃতিবিজড়িত ছবি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবছর।

দুর্গাপুজোর আবহে দু'দিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ রাজশেখর বসুর (পরশুরাম) 'বিরিঞ্চি বাবা' অবলম্বনে নাটক, যা যুক্তরাজ্যের মঞ্চে সম্ভবত এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে। "The Cambridge Goddess"-এর পর এই বিশেষ বছরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিমা-সংরক্ষণ বিষয়ক আরও একটি উদ্যোগের প্রচেষ্টা চলছে।

ADVERTISEMENT