Loading...

Exclusive: একই ছাদের তলায় তিন প্রজন্মের ভাইফোঁটা! কেমন ছিল সেই সময়ের আয়োজন? স্মৃতিচারণায় চৈতি ঘোষাল

তিন প্রজন্মের ভাইফোঁটা একই ছাদের তলায়। ছোটবেলার স্মৃতিচারণ থেকে এখনকার আয়োজন নিয়ে নস্টালজিয়ায় ভাসলেন অভিনেত্রী চৈতি ঘোষাল।

আজকাল ডট ইন-কে তিনি বলেন, "ছোটবেলায় আমার এবং আমার ভাই-বোনদের কাছে ভাইফোঁটা ছিল একটা বড় উৎসবের মতো। এর একটা কারণ ছিল, এরপরেই সমস্ত স্কুল খুলে যেত। তাই ওটা আমাদের কাছে খুব আনন্দের উৎসব ছিল। আমাদের দুই ভাই সম্রাট ও সোমনাথকে বরাবরই অনেক মিষ্টি এনে আয়োজন করে ফোঁটা দিতাম।"

ADVERTISEMENT

অভিনেত্রীর কথায়, "লেক গার্ডেনসের বাড়িতে পরবর্তী সময়ে তিন প্রজন্মের ফোঁটা হত। আমার বাবাকে ফোঁটা দিতেন আমার একমাত্র পিসি। আর মায়ের কাছ থেকে ফোঁটা নিতে আসতেন আমার বড়মামা। ওঁদের ফোঁটা হয়ে যাওয়ার পর আমার ভাইদের ফোঁটা দিতাম। এরপর আসে আমার ছেলে অমর্ত্যদের ফোঁটার পর্ব। আমার বোনেদের মেয়েরা ওকে ফোঁটা দেয়। এই তিনটে প্রজন্মের ফোঁটার উৎসবে যেন রমরমিয়ে উঠত বাড়ি।"

আরও পড়ুন

তিনি আরও বলেন, "আমরা সবাই একটু মিষ্টি খেতে ভালবাসি। প্রথমে মিষ্টিমুখ করা হত। তারপর নোনতা কিছু খাওয়া হত। আর আমার দুইভাই ভীষণ চা খেতে ভালবাসে, ওদের জন্য দার্জিলিং টি দেওয়া হত। আগে মা রান্নাবান্না সব করতেন। পরবর্তীকালে আমি আমার বোন রত্না রান্না করতাম। আমার ভাগে মটন, ফ্রাইড রাইস পড়ত, আর রত্না মাছের দায়িত্বে। আরেক বোন মিতালী নানা জায়গা ঘুরে নানারকম মিষ্টির ব্যবস্থা করত।"

চৈতি ঘোষালের কথায়, "আর এখন বাবাও চলে গিয়েছেন, পিসিও নেই, মা-ও নেই। এবারের ফোঁটায় একটা প্রজন্মের অভাব থাকছে। দুটো প্রজন্মের ফোঁটা হবে শুধু। এরপর বেশ ভাল খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হবে। মেনুতে ফ্রাইড রাইস আছে, মাছের একটা আইটেম হবে, মটন করা হবে। আমরা আগেও সিনেমা দেখতাম এই দিনে। এবারও ইচ্ছে আছে, সিনেমা দেখার। এছাড়াও গান-বাজনা তো হবেই‌।"

ADVERTISEMENT