Loading...

সমাজের বৈষম্য, মানুষের যন্ত্রণা তুলে ধরেছে কুমোরটুলি পার্কের ‘গঙ্গা তুমি বইছো কেন’, অষ্টমীতে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের

আজকাল ওয়েবডেস্ক: অষ্টমীর বিকেলে উপচে পড়া ভিড় কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে। পুজোর ৩৪তম বর্ষে এ বার উদ্যোক্তাদের থিম ‘গঙ্গা তুমি বইছো কেন’। মহান শিল্পী ভূপেন হাজারিকার কালজয়ী গানকে অবলম্বন করে সমাজের বৈষম্য, মানুষের যন্ত্রণা, শোষণ এবং মানবতার প্রশ্ন তুলে ধরেছেন উদ্যোক্তারা। গঙ্গার মতোই সময় বয়ে চলে, বদলায় ক্ষমতার পালাবদল। কিন্তু মানুষের দুঃখ, বঞ্চনা আর কান্নার কি অবসান হয়? সেই প্রশ্নই এ বারের ভাবনায় উঠে এসেছে।

গঙ্গা শুধু একটি নদী নয়, ইতিহাসের সাক্ষী। হাজার বছরের সভ্যতা, যুদ্ধ, অত্যাচার, দারিদ্র, ক্ষুধা এবং বিভাজনের সাক্ষী সে। অথচ এত অন্যায়, এত যন্ত্রণা দেখেও গঙ্গা থেমে থাকে না। সে বয়ে চলে নিজের গতিতে। ভূপেন হাজারিকার গানের মধ্য দিয়ে সেই নদীর কাছেই যেন জবাব চাইছেন মানুষ। কেন সমাজে এত বৈষম্য? কেন কেউ প্রাচুর্যের মধ্যে দিন কাটান, আর কেউ দু'মুঠো খাবারের জন্য লড়াই করেন? কেন ক্ষমতাবানদের শোষণ থামে না? কেন মানুষের চোখের জল শুকোয় না?

ADVERTISEMENT

PUJO

আরও পড়ুন

এই প্রশ্নগুলিকেই দুর্গাপুজোর মণ্ডপে দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চেয়েছেন কুমোরটুলি পার্ক সর্বজনীনের উদ্যোক্তারা। গানের বেদনা যেমন রয়েছে, তেমনই রয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুর। রাজা আসে, রাজা যায়, গঙ্গা শুধু বয়ে যায়। সময়ের এই চিরন্তন সত্যের মধ্যেই লুকিয়ে রয়েছে সমাজের প্রতি এক গভীর প্রশ্ন। উৎসবের আবহে দাঁড়িয়েও তাই এ বারের মণ্ডপ ভাবতে বাধ্য করছে দর্শনার্থীদের।

অন্যদিকে, পুজোর ভিড় সামলানোও এ বার উদ্যোক্তাদের কাছে বড় চ্যালেঞ্জ। চোরবাগান সর্বজনীনে অতিরিক্ত ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা নিচ্ছে বিভিন্ন পুজো কমিটি। কুমোরটুলি পার্কেও অষ্টমীর বিকেলে দর্শনার্থীদের ঢল সামলানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উৎসবের আনন্দ যাতে কোনও ভাবেই দুর্ঘটনার কারণ না হয়, সেই লক্ষ্যেই ভিড় নিয়ন্ত্রণে বিশেষ নজর দিচ্ছেন উদ্যোক্তারা।

ADVERTISEMENT