আজকাল ওয়েবডেস্ক: নিউ টাউনের দুর্গাপুজোয়ও কি এবার রাজ্যের রাজনৈতিক পালাবদলের ছাপ? ২০২২ সালে দেবাশিস সেনের উদ্যোগে শুরু হওয়া নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসবের পঞ্চমতম বর্ষে কমিটির উপদেষ্টারাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। আর মণ্ডপের থিম পদ্মভূষণ। ফলে একদিকে কমিটিতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত, অন্যদিকে পদ্মকে কেন্দ্র করে শিল্পভাবনা—দুই নিয়েই নজরে নিউ টাউনের এই পুজো।
এই পুজোর শুরুর সময় উপদেষ্টা কমিটিতে ছিলেন হিডকোর তৎকালীন চেয়ারম্যান তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরবর্তীতে হিডকোর চেয়ারম্যানের দায়িত্বে আসেন দেবাশীষ সেন। এবার রাজ্যে পালাবদলের পর পুজো কমিটিতেও এসেছে পরিবর্তন। দিলীপ ঘোষকে করা হয়েছে প্রধান উপদেষ্টা বা চিফ অ্যাডভাইজার।
ADVERTISEMENT
তবে এই পরিবর্তনের সঙ্গে রাজনীতির সরাসরি কোনও যোগ নেই বলেই দাবি পুজো উদ্যোক্তাদের। তাঁদের বক্তব্য, দিলীপ ঘোষ নিউ টাউনের বাসিন্দা। সেই কারণেই তাঁকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতি, সম্পাদক-সহ সাংগঠনিক পদগুলিতে নিউ টাউনের বাসিন্দারাই রয়েছেন।
তবে পুজো কমিটির দাবি, এর সঙ্গে কোনও রাজনৈতিক সমীকরণের সম্পর্ক নেই। উদ্যোক্তাদের বক্তব্য, দিলীপ ঘোষ নিউ টাউনের বাসিন্দা। সেই কারণেই তাঁকে উপদেষ্টা করা হয়েছে। সভাপতি বা সম্পাদক পদে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নেই, ওই পদগুলিতে রয়েছেন নিউ টাউনের বাসিন্দারাই। নিউ টাউন এখনও পুরসভা হয়নি। দিলীপ ঘোষ যেহেতু পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী, তাই তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা ও পরামর্শ পুজো কমিটির কাজে সহায়ক হবে বলেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের আরও দাবি,দিলীপ ঘোষ নিজেও উপদেষ্টা হিসেবে থাকতে আগ্রহ প্রকাশ করেছেন।
তবে কমিটির এই পরিবর্তনের পাশাপাশি এবারের পুজোর থিমেও রয়েছে আলাদা তাৎপর্য। পঞ্চমতম বর্ষে নিউ টাউন সর্বজনীনের থিম পদ্মভূষণ। শিল্পী রিন্টু দাসের ভাবনায় মণ্ডপজুড়ে ফুটে উঠছে সুবিশাল পদ্ম। তবে সেখানে মা দুর্গা কমলাসনা নন। বরং পদ্মের মাঝেই অধিষ্ঠাত্রী দেবী।
পদ্মকে ঘিরে এই ভাবনারও রয়েছে একাধিক সাংস্কৃতিক ও ধর্মীয় ব্যাখ্যা। পদ্ম ভারতের জাতীয় ফুল। পদ্ম আবার দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অসামরিক সম্মাননার নামের সঙ্গেও যুক্ত। হিন্দু ধর্মীয় বিশ্বাসে পদ্ম পবিত্রতা, জ্ঞান ও জীবনীশক্তির প্রতীক। পুরাণে বিষ্ণুর নাভি থেকে প্রস্ফুটিত পদ্ম থেকেই ব্রহ্মার আবির্ভাবের কথা বলা হয়েছে। সেই পৌরাণিক ভাবনাকেও মণ্ডপের শিল্পরূপে তুলে ধরা হচ্ছে।
পদ্মের পাশাপাশি মণ্ডপে থাকছে বালাগড়ের নৌকা। দেবীর অধিষ্ঠানের জায়গায় নৌকার কাঠামো দিয়েই পদ্মের আকৃতি তৈরি করা হচ্ছে। এই পুজোর সম্পাদক সমরেশ দাসের বক্তব্য, বলাগড়ের নৌকা জিআই স্বীকৃতি পেয়েছে। বাংলার নিজস্ব ঐতিহ্যকে তুলে ধরতেই মণ্ডপে এই নৌকার ব্যবহার।
মণ্ডপের বিভিন্ন অংশে দেখা যাবে পদ্মের পাপড়ি, মৌমাছি এবং আকাশের নানা মোটিফ। অর্থাৎ রাজনৈতিক পালাবদলের পর কমিটির নতুন বিন্যাসের পাশাপাশি মণ্ডপেও এবার পদ্মই কেন্দ্রবিন্দু।
শুধু থিমেই নয়, উদ্বোধনের দিনও থাকবে বিশেষ আয়োজন। আগামী ১১ অক্টোবর পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানপ্রাপকদের সম্মানিত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
নিউ টাউন সর্বজনীনের যুগ্ম সম্পাদক পীযূষ রঞ্জন ঘোষের কথায়, আক্ষরিক অর্থেই আমরা পদ্মের পবিত্র রূপের মাধ্যমে দুর্গা এবং সমগ্র পুজোমণ্ডপকে ভূষিত করতে চলেছি। মণ্ডপের প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে পদ্মের নান্দনিক ছোঁয়া।