ভোগের খিচুড়ির সঙ্গে লাবড়া, মহাষ্টমীর দুপুরে আর কী চাই! রইল নিরামিষ লাবড়ার রেসিপি
1/7
ভোগের খিচুড়ি হোক বা পুজোর দিনের সাধারণ ভুনা খিচুড়ি, সাথে যদি এক বাটি গরম গরম 'লাবড়া' না থাকে, তবে কি আর জমে? লাবড়া হল বাঙালির এক অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী নিরামিষ পদ, যেখানে নানা রকম সবজির দারুণ এক মেলবন্ধন ঘটে।
2/7
সম্পূর্ণ নিরামিষ লাবড়া বাড়িতে কীভাবে বানাবেন দেখে নিন৷ লাবড়া বানানোর জন্য অনেক রকম সবজি টুকরো করে কেটে নিতে হবে৷ ফুলকপি - ১টি, বেগুন - ১টি, মিষ্টি কুমড়ো - ৫০০ গ্রাম, পেঁপে - ১টি, ঝিঙে - ২টি,
মূল - ২টি (মাঝারি), শিম - ২০০ গ্রাম, পটল - ৭-৮টি,
বরবটি - ২৫০ গ্রাম, কাঁচকলা - ১টি, রাঙা আলু (মিষ্টি আলু)- ২টি, সাধারণ আলু - ২টি (মাঝারি),
থোড় - পরিমাণমতো (কাটার পর হলুদ জলে ভিজিয়ে রাখা)
এছাড়া সরষের তেল - ২০০ মিলি, পাঁচফোড়ন - ১ বড় চা চামচ, শুকনো লঙ্কা - ৪টি, তেজপাতা - ২টি,
আদা বাটা - ২ চা চামচ, কাঁচালঙ্কা বাটা - স্বাদমতো,
নুন - স্বাদমতো, হলুদ গুঁড়ো - ১ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো - ১/২ চা চামচ, কোড়ানো নারকেল - পরিমাণমতো, নারকেলের দুধ - ১ কাপ।
ADVERTISEMENT
3/7
ভাজা মশলা বানানোর জন্য লাগবে, শুকনো লঙ্কা - ৩টি,
দারুচিনি - ছোট ১ টুকরো, লবঙ্গ - ৩টি, এলাচ - ৪টি,
গোটা ধনে - ১.৫ চা চামচ, গোটা জিরে - ১ চা চামচ।
ভাজা মশলা তৈরি করার জন্য একটি শুকনো প্যানে শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোটা ধনে এবং গোটা জিরে মাঝারি আঁচে হালকা করে ভেজে নিন।
ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে সরিয়ে রাখুন। এই ভাজা মশলা লাবড়ায় অসাধারণ একটি ফ্লেভার আনবে।
4/7
কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে আঁচ কমিয়ে দিন। প্রথমে কেটে রাখা বেগুনগুলো লালচে করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। এরপর ওই একই তেলে কাঁচকলাগুলো লাল লাল করে ভেজে তুলে নিন।
এবার কড়াইতে থাকা অবশিষ্ট তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ বেরোলে কেটে রাখা আলু এবং রাঙা আলু দিয়ে ১-১.৫ মিনিট ভেজে নিন। এরপর এর মধ্যে হলুদ জলে ভিজিয়ে রাখা থোড় দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন।
ADVERTISEMENT
5/7
এবার কড়াইতে আদা বাটা এবং কাঁচালঙ্কা বাটা দিয়ে দিন। মাঝারি আঁচে ৩-৪ মিনিট ভাজুন যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। এরপর পটল, ফুলকপি, পেঁপে এবং কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এই পর্যায়ে নুন দেবেন না, তাহলে সবজি জল ছেড়ে দেবে এবং ঠিকমতো ভাজা হবে না।
ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৮-৯ মিনিট রান্না করুন।
ঢাকনা খোলার পর দেখবেন সবজিগুলো বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে শিম, মূল, বরবটি এবং ঝিঙে দিয়ে দিন। স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিন। আবার ঢাকা দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন। এই সময়ের মধ্যে সবজি প্রায় ৮০% সেদ্ধ হয়ে যাবে।
6/7
সবজি নরম হয়ে এলে কোড়ানো নারকেল এবং ১ কাপ নারকেলের দুধ দিয়ে আঁচ বাড়িয়ে ভালো করে মিশিয়ে নিন (নারকেলের দুধ লাবড়ার স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়)। ২-৩ মিনিট রান্না করার পর এর ওপর সামান্য ময়দা ছড়িয়ে দিন (যাতে লাবড়া ঠান্ডা হওয়ার পর জল না ছাড়ে)।
এবার আগে থেকে ভেজে রাখা বেগুন ও কাঁচকলা দিয়ে দিন। ২-৩ মিনিট হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
ADVERTISEMENT
7/7
সবশেষে, আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল ভাজা মসলাটা ওপর থেকে ছড়িয়ে দিন। খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ লাবড়া! গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করুন আর উপভোগ করুন পুজোর আমেজ!
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT