আজকাল ওয়েবডেস্ক: গত বছর দুর্গা পুজোর সময় মা দুর্গার পায়ের কাছে ট্রাম্পরূপী অসুর তৈরি করে মুর্শিদাবাদের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশ জুড়ে শোরগোল ফেলে দিয়েছিল বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির সদস্যরা। ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক বসিয়ে 'বিশ্বাসঘাতকতা' করে দেশের মানুষের কাছে অসুর হয়ে উঠেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট।
৬১-তম বর্ষে এবছর খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির ভাবনা 'ভারত ভাগ্যবিধাতা'। আর এই দুর্গাপুজোর সব থেকে বড় চমক এবছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে দেবী দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছেন।
চতুর্থীর দিন উদ্বোধনের পর থেকেই এই দুর্গা প্রতিমা দেখার জন্য ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের মানুষ। ইতিমধ্যেই এই প্রতিমার কথা ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। দলে দলে লোক দেখতে আসছেন ৬১-তম বর্ষে খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির এই প্রতিমা।
প্রসঙ্গত, গত বছরেও এই ক্লাবের দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন বিখ্যাত শিল্পী অসীম পাল। এবছরও খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির প্রতিমা শিল্পী অসীম পাল। গত বছর অসীম পাল নিজে হাতে ট্রাম্পরূপী অসুর তৈরি করে বিখ্যাত করে দিয়েছিলেন এই ক্লাবকে। এবছর তিনিই খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাজির করেছেন মন্ডপে।
প্রতিমা শিল্পী অসীম পাল বলেন," এই ভাবনার পেছনে আমার নিজের কোনও কৃতিত্ব নেই। ক্লাবের সদস্যরা যেমন চেয়েছে আমি তেমন প্রতিমা গড়ে দিয়েছি। মানুষের যদি এই প্রতিমা পছন্দ হয় তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।"
এই দুর্গা পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা সঞ্জয় বসাক বলেন,"এবছরের আমাদের পুজোর থিম 'ভারত ভাগ্যবিধাতা'। পুজো প্যান্ডেলে ঢুকলেই দর্শনার্থীরা ভারত মাতা এবং অগ্নিযুগের বিপ্লবী যেমন নেতাজি সুভাষ চন্দ্র বোস , ক্ষুদিরামের সঙ্গে বঙ্কিমচন্দ্র এবং স্বামী বিবেকানন্দকে দেখতে পাবেন।"
তিনি বলেন," তবে এবছর আমাদের পুজোর মূল আকর্ষণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমাদের পুজোর ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে মা দুর্গার আরাধনা করছেন এবং মায়ের পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করছেন।"
সঞ্জয়বাবু আরও বলেন," বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সনাতনী হিন্দু ধর্মের মানুষ বুক ফুলিয়ে চলতে পারছে। তাঁরা গর্ব করে মায়ের পুজো করছে। দুর্গাপুজোর আগে আমরা একটি ছবি দেখেছিলাম যেখানে দেখা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে মা দুর্গার আরাধনা করছেন। সেই ছবি থেকে অনুপ্রাণিত হয়ে আমরা ৬১-তম বর্ষে এই অভিনব প্রতিমা তৈরি করেছি।"
তিনি জানান ,"চতুর্থীর দিন আমাদের ক্লাবের প্রতিমা উদ্বোধন হয়ে গিয়েছে। তারপর থেকে অসংখ্য মানুষ আমাদের দেবী প্রতিমা দর্শন করতে আসছেন। ইতিমধ্যেই প্রতিমার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। দেশের প্রধানমন্ত্রীকে চাক্ষুষ করার জন্য সকলেই পুজো প্যান্ডেলের সামনে লাইন দিতে শুরু করেছেন।"
বহরমপুর গোরাবাজার এলাকার বাসিন্দা, বিনয় রুদ্র পুজো প্রতিমা দেখতে এসে বলেন," গত বছরও এই ক্লাবের পুজো ট্রাম্পরূপী অসুর তৈরী করে বহরমপুরে বিখ্যাত হয়ে গিয়েছিল। এবছর সমাজ মাধ্যমে এই পুজো ফের ভাইরাল হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। আজ প্যান্ডেল একটু ফাঁকা থাকতেই পরিবারের সকলকে নিয়ে প্রতিমা দেখে গেলাম ,খুব সুন্দর হয়েছে প্রতিমা।"