Loading...

পটচিত্র থেকে ক্যানভাস-মণ্ডপ জুড়ে ফুটে উঠবে দেশীয় শিল্পের প্রতিচ্ছবি, খিদিরপুর ৭৪ পল্লীর এবারের ভাবনা ‘কালকলমিকা’

আজকাল ওয়েবডেস্ক: সৃষ্টির দেশ এই ভারতবর্ষ। কত অজস্র শিল্পকে বুকে ধারণ করে এই ভারত রঙিন হয়ে উঠেছে। সমৃদ্ধ হয়েছে নিজের বৈচিত্র্যে। তেমনই এক বৈচিত্র্যময় সৃষ্টি হল আমাদের কলমকারী শিল্প। অথচ নিজের আদিলগ্নে এই শিল্প কিন্তু কলমকারী নামে পরিচিত ছিল না। তখন সে ছিল শুধুই পটচিত্র।

কলহস্তীশ্বর মন্দিরের ধ্বজায়, বিতানে আর নানান অলঙ্করণে সে শোভা পেত পূজার উপচাররূপে। সে তুলে ধরত নিজের রংমাধুরীর তুলির টানে রামায়ণ, মহাভারত, শিবলীলা থেকে দুর্গাসপ্তশতী। তারপর এই দেশে নেমে এল সুলতানি শাসনের ছায়া।

ADVERTISEMENT

তারা এই শিল্প দেখে এতই মুগ্ধ হলেন যে চিত্রশিল্পের ‘হারাম’ নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এই শিল্পকে তারা বরণ করে নিলেন নিজেদের মতো করে। দেবদেবীর জায়গায় স্থান করে নিল পারস্যের লতাপাতা নকশা; পুরাণকথার জায়গা করে নিল আরবীয়, উর্দু আর ফার্সি ক্যালিগ্রাফি।

আরও পড়ুন

আর এইভাবেই রংতুলির পটচিত্র হয়ে উঠল কলমকারী। আর আজ সেই কলমের কারুকাজই দৈনন্দিন জীবনে ব্যবহৃত বালিশের কভার থেকে গায়ের চাদর, পাঞ্জাবি থেকে চুড়িদার, হাতের রুমাল থেকে শাড়িকে করে তুলেছে নিজের ক্যানভাস। খিদিরপুর ৭৪ পল্লী সর্বজনীন দুর্গাপুজোর এবারের নিবেদন সেই চিরন্তন ভারতীয় সৃজনের বিবর্তনকে নিয়েই।

প্রবাহমান গতিতে ফুটে ওঠা দেশীয় শিল্পের ইতিহাসকে নিয়ে। ৭১তম বর্ষে ৭৪ পল্লীর ভাবনা দেশীয় শিল্পের প্রতিচ্ছবি ‘কালকলমিকা।’ তবে মাতৃ আরাধনার পাশাপাশি পুজোর সময় ৭৪ পল্লী একাধিক সমাজকল্যাণ মূলক অনুষ্ঠানেরও আয়োজন করেছে। আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরের।

তার পাশাপাশি রয়েছে পোশাক বিতরণ অনুষ্ঠানও। ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়েও সচেতনতা শিবিরের আয়োজন করেছে ৭৪ পল্লী পুজো কমিটি। শিক্ষার প্রসারে পড়ুয়াদের মধ্যে বিতরণ করা হবে বই, স্কুলব্যাগ এবং নোটবুক। এছাড়াও, পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সাহায্য করবে খিদিরপুর ৭৪ পল্লী পুজো কমিটি।

ADVERTISEMENT