পুজো এগিয়ে এসেছে, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। শহরজুড়ে এখন সাজসাজ রব। কিন্তু কলকাতার পুজোয় মন বসে না অভিনেতা অভিষেক বীর শর্মার। তাঁর মন পড়ে থাকে শিলিগুড়ির পাড়ায়, যেখানে ছোট থেকে বড় হয়েছেন অভিনেতা। সেই পাড়ার পুজোর ধুপের গন্ধ আজও টানে তাঁকে। কেমন ছিল সেই দিনগুলো? আজকাল ডট ইন-কে জানালেন অভিনেতা নিজেই।
অভিষেক বলেন, "শিলিগুড়িতে বড় হয়ে ওঠা। কাজের সূত্রে এই শহরে আসা। তাই আমার কলকাতার পুজো দেখা শুরু হয় ২০২০ সাল থেকে। এই পাঁচ-ছ'বছরে মাত্র একবারই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এত ভিড় হয়, জ্যাম থাকে রাস্তায়, আমি আবার একটু নিরিবিলি পছন্দ করি। প্রতিবছর তো বাড়ি ফেরা হয় না। আমাদের ওখানকার পাড়ার পুজো খুব মিস করি। এখন যদিও বাড়ি গেলে সেই ছোটবেলার বন্ধুদের পাই না। তারা এখন মোটামুটি সবাই বিদেশে থাকে। এখন পুজোর গন্ধ পাই কিন্তু মন থেকে সেই অনুভূতিটা ঠিক আসে না।"