Loading...

হাওড়ার শানপুর বারোয়ারিতে ‘আদিযোগী লেজার শো’, আলো-আঁধারিতে জীবন্ত হয়ে উঠছে মহাদেব

আজকাল ওয়েবডেস্ক: থিমের অভিনবত্বে প্রতি বছরই দর্শনার্থীদের নজর কাড়ে হাওড়ার শানপুর বারোয়ারির দুর্গাপুজো। এবারও তার ব্যতিক্রম নয়। পুজোর আকর্ষণ বাড়াতে এ বছর উদ্যোক্তাদের বিশেষ চমক ‘আদিযোগী লেজার শো’, যার নাম ‘দিব্য দর্শন’। থ্রি-ডি লাইট, লেজার ও সাউন্ডের মেলবন্ধনে আদিযোগী শিবের ইতিহাস এবং যোগবিদ্যার প্রসারের কাহিনি তুলে ধরা হয়েছে মণ্ডপে। আলো-আঁধারির জাদুতে সুবিশাল শিবমূর্তিকে ঘিরে তৈরি হয়েছে এক রোমাঞ্চকর পরিবেশ।

কোয়েম্বাটোর ও কর্নাটকের চিক্কাবাল্লাপুরে অবস্থিত ১১০ ফুটেরও বেশি উচ্চতার আদিযোগী শিবমূর্তিকে কেন্দ্র করে যে বিশেষ লাইট অ্যান্ড সাউন্ড শো পরিচিত, তারই অনুপ্রেরণায় শানপুর বারোয়ারির এই বছরের ভাবনা। মণ্ডপের মাথায় রয়েছে বিশালাকার শিবমূর্তি। সেই মূর্তির গায়ে প্রজেকশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে আদিযোগীর ইতিহাস এবং যোগবিদ্যার প্রসারের নানা কাহিনি। উন্নত আলোকপ্রক্ষেপণ, লেজার ও শব্দের সমন্বয়ে এমন আবহ তৈরি করা হয়েছে, যাতে দর্শনার্থীদের মনে হবে, মূর্তিটি যেন নিজেই জীবন্ত হয়ে কথা বলছে।

ADVERTISEMENT

পুজো কমিটির যুগ্ম সম্পাদক বাপ্পা কোলে ও লিটু বাগ জানান, দর্শনার্থীদের সামনে এক অন্য ধরনের অভিজ্ঞতা তুলে ধরতেই এই উদ্যোগ। তাঁদের কথায়, শুধু মণ্ডপসজ্জা নয়, আলো ও শব্দের মাধ্যমে আদিযোগীর মাহাত্ম্য এবং যোগের দর্শনকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই থিমের অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন

দিনের আলোয় সুবিশাল শিবমূর্তির উপস্থিতি যেমন দর্শনার্থীদের আকর্ষণ করছে, তেমনই সন্ধ্যার পর বদলে যাচ্ছে গোটা পরিবেশ। মণ্ডপ চত্বরের আলো নিভিয়ে ঘন অন্ধকারের মধ্যে শুরু হয় বহু প্রতীক্ষিত লেজার শো। শিবমূর্তির গায়ে আলোর বিচিত্র খেলা, ত্রিমাত্রিক প্রক্ষেপণ এবং আবহসংগীতের মেলবন্ধনে তৈরি হবে এক চোখধাঁধানো দৃশ্য।

সব মিলিয়ে, এ বছরের শানপুর বারোয়ারির পুজোয় দর্শনার্থীদের জন্য থাকছে ধর্মীয় ভাবনা, প্রযুক্তি এবং দৃশ্যশিল্পের এক অভিনব সংমিশ্রণ। দিনের বেলায় আদিযোগীর বিশাল মূর্তি দর্শন থেকে রাতের রোমাঞ্চকর ‘দিব্য দর্শন’।

ADVERTISEMENT