Loading...

পুরুলিয়ার চিড়াবাড়ির ‘নাক কাটা কালী’, ডাকাতদের রোষে কাটা পড়েছিল মায়ের নাক! শতাব্দী প্রাচীন ঐতিহ্যে আজও স্বমহিমায় উজ্জ্বল

আজকাল ওয়েবডেস্ক: ডাকাতদের কাজে বাধা দেওয়ায় কেটে দেওয়া হয়েছিল দেবী কালীর নাক! সেই ঘটনার পর থেকেই নাককাটা কালী রূপে পূজিতা হয়ে আসছেন দেবী। শতাধিক বছরের পুরনো ইতিহাস, লোককথা এবং ধর্মীয় বিশ্বাসকে ঘিরে আজও ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র পুরুলিয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের দুলমি-নডিহা এলাকার চিড়াবাড়ির নাককাটা কালী মন্দির।

পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন মন্দির। তার মধ্যে অন্যতম চিড়াবাড়ির এই কালীমন্দির। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, শতাধিক বছর আগে এলাকার চাষিরা ডাকাতদের হাত থেকে নিজেদের ফসল রক্ষা করতে মা কালীর আরাধনা শুরু করেছিলেন। কথিত আছে, ধান চুরির সময় ডাকাতদের বাধা দিয়েছিলেন স্বয়ং দেবী। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ডাকাত দলের সদস্যরা মায়ের নাক কেটে দেন এবং দেবীমূর্তির শরীর ছিন্নভিন্ন করে দেন।

ADVERTISEMENT

লোককথা অনুযায়ী, এই ঘটনার কিছুদিনের মধ্যেই ডাকাত দলের সমস্ত সদস্যের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই নাককাটা কালী রূপে দেবীর পুজো শুরু হয়। স্থানীয়দের দাবি, দেবীর কাটা অঙ্গের স্মৃতিচিহ্ন আজও মন্দির চত্বরে রয়েছে। সেই ইতিহাস ও বিশ্বাসকে ঘিরেই বছরের পর বছর ধরে চলে আসছে দেবীর আরাধনা।

আরও পড়ুন

প্রতি বছর কালীপুজোর পুণ্যতিথিতে মহাসমারোহে পুজো হয় এই মন্দিরে। প্রচলিত রীতি মেনে বলির প্রথাও রয়েছে। শুধু পুরুলিয়া জেলা নয়, ভিন জেলা এমনকী ভিন রাজ্য থেকেও বহু ভক্ত মায়ের দর্শন ও পুজো দিতে ছুটে আসেন চিড়াবাড়িতে।

ADVERTISEMENT