আজকাল ওয়েবডেস্ক: বারাসতের কালীপুজোর মণ্ডপে ফুটে উঠেছে এক টুকরো বেনারস! উত্তরপ্রদেশের বিখ্যাত মণিকর্ণিকা ঘাটের আদলে তৈরি হয়েছে পুজোমণ্ডপ। সঙ্গে রয়েছে গঙ্গার আবহ, জলে ভাসছে নৌকা, আর সন্ধ্যা নামলেই শুরু গঙ্গা আরতি।
কালীপুজোয় এমনই অভিনব ভাবনায় দর্শনার্থীদের চমক দিচ্ছে বারাসতের পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। ৫৪তম বর্ষে পা দেওয়া এই পুজোয় এবার শুধু প্রতিমা দর্শন নয়, দর্শনার্থীদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা তুলে ধরছে। ক্লাবের নিজস্ব পুকুরকে গঙ্গার রূপ দেওয়া হয়েছে।
ADVERTISEMENT
পুকুরের চারপাশে তৈরি হয়েছে বেনারসের ঘাটের আদলে পরিবেশ। বিশেষ আলোকসজ্জায় সন্ধ্যার পর গোটা চত্বর হয়ে উঠছে আরও আকর্ষণীয়। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৪টে পর্যন্ত চলবে গঙ্গা আরতি। ফলে, বারাসতের মণ্ডপে দাঁড়িয়েই মিলবে বেনারসের ঘাটে সন্ধ্যা আরতির অনুভূতি।
দর্শনার্থীদের ভিড় সামলাতে আলাদা প্রবেশ ও প্রস্থানের পথ রাখা হয়েছে। নিরাপত্তার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন উদ্যোক্তারা। কালীপুজোয় বারাসতের পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এই আয়োজন যে দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে, তা কালীপুজোর আগের রাতে মানুষের ঢল দেখেই বোঝা গিয়েছে। এবার বেনারসের ঘাটের আবহ আর গঙ্গা আরতির টানে কালীপুজোর বাকি দিনগুলিতে কেমন ভিড় টানে এখন সেটাই দেখার।