মিল্টন সেন: দুর্গাপুজোর থিম ভাবনায় বরাবরই অভিনবত্বের ছাপ রেখে এসেছে হুগলির চুঁচুড়া চাঁপাতলা সার্বজনীন দুর্গোৎসব বারোয়ারি। চলতি বছর ৮৪তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী পুজো। আর এই বিশেষ বর্ষে তাদের পুজোর মূল ভাবনা—‘শতবর্ষে মহানায়ক উত্তমকুমার’। বাংলা সিনেমার অবিসংবাদিত নায়ককে কেন্দ্র করেই সাজিয়ে তোলা হচ্ছে এবারের আস্ত মণ্ডপটি।
বাংলা চলচ্চিত্র জগতের আইকন মহানায়ক উত্তমকুমার। তাঁকে বাদ দিয়ে বাংলা চলচ্চিত্রের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনা করা এককথায় অসম্ভব। পুজো উদ্যোক্তা জয়দেব দত্ত জানান, মহানায়কের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতেই এবারের এই ভাবনা। মণ্ডপজুড়ে ফুটিয়ে তোলা হবে মহানায়কের বিখ্যাত সিনেমার সব স্মৃতি, তাঁর সমৃদ্ধ কর্মজীবন এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অতুলনীয় অবদানের বিভিন্ন দিক।