Loading...

৮৫ বছরে ইয়ং স্পোর্টিং ক্লাবের কালীপুজো, পালাবদলের পর দায়িত্বে মন্ত্রী তাপস! প্রথমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন

আজকাল ওয়েবডেস্ক: ৮৫ বছরে পদার্পণ করল আমহার্স্ট স্ট্রিটের ঐতিহ্যবাহী ইয়ং স্পোর্টিং ক্লাবের কালীপুজো। এই পুজো কংগ্রেস নেতা প্রয়াত সোমেন মিত্রের পুজো হিসেবেই পরিচিত। দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি চলছে। তবে এবারের পুজোয় রয়েছে বিশেষ চমক। রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম পুজোর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রী তাপস রায়। শুধু তাই নয়, এবছর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। তার আগেই শুক্রবার পুজোমণ্ডপ পরিদর্শনে আসেন মন্ত্রী তাপস রায়।

আমহার্স্ট স্ট্রিট এলাকাতেই বসবাস তাপসের। ছোটবেলা থেকেই ইয়ং স্পোর্টিং ক্লাবের কালীপুজোর সঙ্গে তাঁর আত্মিক যোগাযোগ ছিল। বড় হওয়ার পরেও নিয়মিত এই পুজোতে আসতেন তিনি। কিন্তু রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার পর এবং রাজনৈতিক মতপার্থক্য তৈরি হওয়ায় দীর্ঘদিন এই পুজোর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের পুরনো পুজোর সঙ্গে যুক্ত হলেন তিনি। এবছর তাঁকে পুজোর সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

ADVERTISEMENT

পুজো পরিদর্শনে এসে তাপস রায় জানান, ছোটবেলা থেকেই এই পুজোর সঙ্গে তাঁর স্মৃতি জড়িয়ে রয়েছে। বড় হওয়ার পরেও বহুবার এই পুজোতে এসেছেন। তবে এবার দায়িত্ব পেয়ে সরাসরি পুজোর আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁর ভাল লাগছে। এই পুজোতে এলেই পুরনো দিনের নানা স্মৃতি ফিরে আসে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এবছরের পুজোকে আরও বিশেষ করে তুলছে মুখ্যমন্ত্রীর উদ্বোধন। তাপস রায়ের কথায়, এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী ইয়ং স্পোর্টিং ক্লাবের কালীপুজোর উদ্বোধন করবেন। ফলে ৮৫তম বর্ষের এই পুজো ঘিরে উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বাড়তি উৎসাহ তৈরি হয়েছে।

ADVERTISEMENT