Loading...

স্বপ্নাদেশ পান গনেশ ও কার্ত্তিকের স্থান পরিবর্তনের, তারপর থেকে সেভাবেই হয়ে আসছে এই বাড়ির পুজো

আজকাল ওয়েবডেস্ক: আর পাঁচটা পুজোর থেকে কিছুটা আলাদা বালুরঘাটের সাহা বাড়ির দুর্গাপুজো। ঐতিহ্য, রীতি-রেওয়াজ এবং পারিবারিক ইতিহাসের মেলবন্ধনে এবারে ১৮৬তম বর্ষে পা দিল এই পুজো। জমিদারি আমলে শুরু হওয়া এই দুর্গাপুজো প্রজন্মের পর প্রজন্ম ধরে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন সাহা পরিবারের বংশধরেরা। পুজোকে ঘিরে ইতিমধ্যেই ব্যস্ততা শুরু হয়েছে সাহা বাড়িতে।

জানা যায়, বর্তমানে বাংলাদেশের পাবনা জেলার জামির্তা গ্রাম থেকে একসময় নৌকাযোগে ব্যবসার উদ্দেশ্যে বালুরঘাটে এসেছিলেন সাহা পরিবারের পূর্বপুরুষেরা। পরবর্তীতে পরিবারের একাংশ বালুরঘাটেই থেকে যান। ধীরে ধীরে তাঁদের সম্পত্তি বৃদ্ধি পায়। এমনকী কথিত রয়েছে, পরিবারের বংশধরেরা এই অঞ্চলের কিছু অংশের জমিদারিও লাভ করেছিলেন। সময়ের সঙ্গে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, বদলেছে জীবনযাত্রাও। দেশভাগের পর বাংলাদেশে থাকা আত্মীয়স্বজনদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছে। তবে এত কিছুর পরেও সাহা বাড়ির দুর্গাপুজোর রীতি-রেওয়াজে বিশেষ পরিবর্তন আসেনি। বরং সময়ের সঙ্গে এই পুজো আজ সাহা পরিবারের গণ্ডি পেরিয়ে পারিবারিক ঐতিহ্যের অন্যতম পরিচয় হয়ে উঠেছে।

ADVERTISEMENT

সাহা বাড়ির দুর্গাপুজোর অন্যতম বিশেষত্ব প্রতিমার বিন্যাসে। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, বনমালী সাহা রায়ের সময় অন্যান্য প্রতিমার মতোই সাহা বাড়ির দুর্গাপ্রতিমা তৈরি করেছিলেন মৃৎশিল্পী। কিন্তু পরদিন সকালে দেখা যায়, প্রতিমায় গণেশ ও কার্তিকের স্থান পরিবর্তিত হয়েছে। এই ঘটনার পর বনমালী সাহা রায়ের স্ত্রী স্বপ্নাদেশ পান বলে পরিবারের সদস্যদের দাবি। এরপর থেকেই ওই বিশেষ বিন্যাসেই প্রতিমা পুজো করার নির্দেশ দেন বনমালী সাহা রায়। সেই থেকে একই রীতি ও নিষ্ঠা মেনে সাহা বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে। এই পুজোর আচার-অনুষ্ঠানেও রয়েছে বেশ কিছু নিজস্ব রীতি। মন্থন ষষ্ঠীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। মহালয়ার দিনই মায়ের চক্ষুদান করা হয় এবং প্রতিমার রং করার কাজ সম্পূর্ণ করা হয়। পুজোর কয়েকদিন পরিবারের সদস্যরা নিরামিষ আহার করেন। পাশাপাশি সাহা বাড়ির পুজোয় অন্নভোগের প্রচলন নেই। পরিবর্তে পরমান্ন ভোগ নিবেদন করা হয়।

আরও পড়ুন

১৮৬ বছরে পা দেওয়া এই পুজো তাই শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, সাহা পরিবারের কাছে এটি তাঁদের শিকড়, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক আবেগের নাম। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ঐতিহ্যকে ধরে রেখেই আজও মহাসমারোহে বালুরঘাটের সাহা বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো।

ADVERTISEMENT