মধ্যমগ্রামের সিলভার স্পেস আবাসনের দুর্গোৎসব এবার সপ্তম বর্ষে পা দিয়েছে। করোনা অতিমারীর সময়কালে অল্প সংখ্যক আবাসিকের দ্বারা শুরু করা এই পুজো সময়ের সাথে যেমন আকারে বড় হয়েছে তেমনই বেড়েছে তার আড়ম্বর। এ বছর পুজোর মূল ভাবনা বা বিষয়বস্তু হলো 'অবসর'। ডাকের সাজে মহামায়া এবারে সেজে উঠবেন তাঁর ভুবনমোহিনী সাবেক রূপে। প্রতিমা শিল্পী থাকছেন গত বছরের মতোই শ্রী তন্ময় পাল মহাশয়। আবাসনের বয়োজ্যেষ্ঠ সদস্যরা এবারের মায়ের পুজোর গুরুভার হাতে তুলে নিয়েছেন।
২০২৫ সালে অবশ্য এই পুজো সম্পূর্ণ ভাবে আয়োজিত ও পরিচালিত হয়েছিল মহিলা আবাসিকদের দ্বারা। গত বছর এই পুজোর থিম বা ভাবনা ছিল ময়ূর বিশ্ব।
ADVERTISEMENT
আর সব বাঙালির মতোই এই আবাসনের ছোট থেকে বড় সকলে সারা বছর অপেক্ষা করে থাকেন এই আনন্দযজ্ঞে মেতে ওঠার জন্য। বাসিন্দারা জানিয়েছেন তারা এই পুজোকে নিজেদের বাড়ির পুজো বলেই মনে করেন, তাই তাঁরা নিজেদের মধ্যেই পুজোর কাজ ভাগ করে নেন প্রতিবার। ছেলেরা দায়িত্ব নেন প্রতিমা নিয়ে আসা বিসর্জন, ভোগ বিতরণ, খাওয়া দাওয়ার আয়োজন ইত্যাদি কাজের আর মহিলারা মেতে ওঠেন মণ্ডপে পুজোর আয়োজন, ঠাকুর বরণ, সন্ধ্যারতি এসব কাজে।
সপ্তমী থেকে দশমী চার দিন দু'বেলা সকলে মিলে একসাথে পাত পেড়ে খাওয়া দাওয়া আর হয় হুল্লোড়ে মেতে ওঠেন। এ ছাড়াও পুজোর ক'দিন, সন্ধ্যা গুলো রঙিন হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে, যা মাতিয়ে রাখে আট থেকে আশি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
পুজোর মাসখানেক আগে থেকেই রিহার্সাল আর নানান জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। শুধু তাই নয়, পুজোর কয়দিন সকালের দিকে ছোট্ট কচি কাঁচাদের জন্য থাকে বিভিন্ন রকম গেমস খেলার ব্যবস্থা আর খেলার শেষে অবশ্যই থাকে পুরস্কার।