Loading...

মন্ত্রীর পুজোয় এবার বৃন্দাবনের ছোঁয়া, লালবাগে তৈরি হচ্ছে ১০০ ফুটের বরসানার কীর্তি মন্দির

আজকাল ওয়েবডেস্ক: বর্ষার কালো মেঘ সরছে। আকাশজুড়ে এখন পেঁজা তুলোর মতো মেঘের ভেলা। বাতাসে সেই চেনা পুজো পুজো গন্ধ। শহর থেকে জেলা সর্বত্রই এখন একটাই সুর, মা আসছেন। প্রতি বছর কলকাতার থিমের পুজোর চমক দেখতে ভিড় জমান জেলার মানুষ। কিন্তু এবার ছবিটা উল্টো। কলকাতাকে টেক্কা দিতে মাঠে নেমেছে জেলাও। আর সেই দৌড়ে এবার সবাইকে ছাপিয়ে যেতে চলেছে মুর্শিদাবাদের লালবাগ।

লালবাগের বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাব নামটা মুর্শিদাবাদবাসীর কাছে নতুন নয়। ৩৪ বছরের এই পুজোই এখন পরিচিত ‘মন্ত্রীর পুজো’ নামে। কারণ, এই পুজোর মূল পৃষ্ঠপোষক রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী গৌরীশংকর ঘোষ। মন্ত্রীর পাশাপাশি এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মণ্ডলও। ক্লাব সূত্রে খবর, চতুর্থীর দিন এই দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরেও এই পুজো লালবাগের আবেগ। আর এবার সেই আবেগের থিমে চমক। উত্তরপ্রদেশের মথুরা-বৃন্দাবনের বরসানার বিখ্যাত কীর্তি মন্দির। ক্লাবেরই দুই সদস্য সৃজিত মিশ্র এবং বাবলার মস্তিষ্কপ্রসূত এই ভাবনা। উল্টোরথের দিনই হয়ে গিয়েছে এই ‘মেগা পুজো’র খুঁটিপুজো। তারপর থেকেই দিনরাত চলছে কাজ।

ADVERTISEMENT

ক্লাবের সভাপতি জয়ন্ত মণ্ডল বলেন, “প্রতি বছর আমরা চেষ্টা করি দর্শনার্থীদের নতুন কিছু উপহার দিতে। এবার আমাদের ভাবনা বরসানার কীর্তি মন্দির। রাধারানীর মা কীর্তি মাইয়া ছোট রাধাকে কোলে নিয়ে বসে আছেন বারসানার ওই মন্দিরে। সেই ভক্তি আর স্থাপত্যকেই আমরা তুলে আনছি লালবাগে।”

আরও পড়ুন

জয়ন্ত আরও বলেন, “আমাদের পুজোর মণ্ডপের উচ্চতা ১০০ ফুটেরও বেশি। দূর থেকে দেখলেই মনে হবে, সত্যিই বরসানার মন্দিরই উঠে এসেছে লালবাগে। পাশাপাশি মণ্ডপের বাহ্যিক অলঙ্করণ হবে নজরকাড়া। তবে সবচেয়ে বড় আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ড শো। আলো আর শব্দের মাধ্যমে কীর্তি মন্দিরের ইতিহাস ও রাধাকৃষ্ণের লীলা তুলে ধরা হবে দর্শনার্থীদের সামনে। আর মণ্ডপ থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত রাস্তা আলোকসজ্জায় সাজানো হবে। ফলে গোটা বুধাসপাড়াই হয়ে উঠবে আলোর মন্দির।”

প্রতিমাতেও থাকছে বিশেষত্ব। মুর্শিদাবাদের ইসলামপুরের শিল্পীরা বাঁশ দিয়ে তৈরি করছেন প্রতিমা। প্রায় ১৫ ফুট উঁচু এবং ১২ ফুট চওড়া এই প্রতিমার বাঁশের তৈরি অলঙ্কারেও থাকছে সাবেকিয়ানার ছোঁয়া।

ADVERTISEMENT