আজকাল ওয়েবডেস্ক: বংশপরম্পরায় মৃৎশিল্প। সেই শিল্পের হাত ধরেই বছরের পর বছর ধরে মাটির প্রতিমায় প্রাণের ছোঁয়া দিয়ে আসছেন বসিরহাটের আশ্রমপাড়ার শিল্পী অনন্যা বিশ্বাস। এবার সেই শিল্পের জগতে ধীরে ধীরে পা রাখছে তাঁর পঞ্চম শ্রেণির পড়ুয়া মেয়ে পারিধি বিশ্বাস। মায়ের হাতে যখন মাটির তাল থেকে ধীরে ধীরে ফুটে উঠছে মৃন্ময়ী দেবী দুর্গার অবয়ব, তখন পাশেই রং-তুলি হাতে নিজের ক্যানভাসে দশভূজার ছবি আঁকছে ছোট্ট পারিধি।
অনন্যা বিশ্বাস শিল্পী হওয়ার পাশাপাশি সংসারের দায়িত্বও সামলান। তাঁর স্বামী বিশ্বজিৎ বিশ্বাস এবং শ্বশুর প্রসেনজিৎ বিশ্বাসও দীর্ঘদিন ধরে বংশপরম্পরায় মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। ফলে ছোট থেকেই পরিবারের শিল্পচর্চার পরিবেশে বড় হয়ে উঠছে পারিধি।
মাটির তাল থেকে ধীরে ধীরে প্রতিমার কাঠামো তৈরি, দেবীর শরীরের অবয়ব গড়ে তোলা, হাত-পা তৈরি থেকে শুরু করে মুখের আদল ফুটিয়ে তোলা প্রতিমা তৈরির প্রতিটি ধাপেই রয়েছে অনন্যার দক্ষতার ছাপ। মায়ের সেই কাজ কাছ থেকে দেখেই শিল্পের প্রথম পাঠ নিচ্ছে পারিধি। সুযোগ পেলেই মায়ের পাশে বসে প্রতিমা তৈরির কাজেও হাত লাগায় সে।
ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল আগ্রহ পারিধির। রং-তুলি ও ক্যানভাসে দুর্গা, কালী, গণেশ, সরস্বতী-সহ বিভিন্ন দেবদেবীর ছবি ফুটিয়ে তুলেছে সে। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চাতেও সমান আগ্রহী পঞ্চম শ্রেণির এই পড়ুয়া। মায়ের কাজ দেখে আগামী দিনে নিজেও শিল্পী হওয়ার স্বপ্ন দেখছে পারিধি।
অনন্যা বিশ্বাস জানান, সারা বছরই বিভিন্ন সময় বিশ্বকর্মা, গণেশ, দুর্গা থেকে শুরু করে কালী বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরি করেন তাঁরা। নিজের হাতে তৈরি প্রতিমা যখন বাড়ি থেকে মণ্ডপের উদ্দেশে রওনা দেয়, তখন এক অন্যরকম আবেগ তৈরি হয় বলেও জানান তিনি। বিসর্জনের সময় সেই আবেগ আরও গভীর হয়ে ওঠে।
শিল্পী পরিবারের দাবি, তাঁদের হাতে তৈরি একচালা দুর্গাপ্রতিমা-সহ বিভিন্ন ধরনের প্রতিমা রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তে যায়। রাজ্যের নানা জায়গাতেও তাঁদের তৈরি প্রতিমার চাহিদা রয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
একদিকে মাটির তাল থেকে মায়ের হাতে ধীরে ধীরে ফুটে উঠছে মৃন্ময়ী দেবীর অবয়ব। অন্যদিকে সেই দেবীকেই রং-তুলির আঁচড়ে নিজের ক্যানভাসে চিন্ময়ী রূপ দেওয়ার চেষ্টা করছে মেয়ে। মায়ের হাত ধরে মৃৎশিল্পের সঙ্গে পরিচিত হয়ে পারিধিও যেন এগিয়ে চলেছে পরিবারের শিল্প-ঐতিহ্যের নতুন অধ্যায়ের দিকে।
মৃন্ময়ী প্রতিমায় মায়ের সৃজন, ক্যানভাসে মেয়ের স্বপ্ন বিশ্বাস পরিবারের মা-মেয়ের এই শিল্পচর্চায় তাই একসঙ্গে মিলেমিশে যাচ্ছে পারিবারিক ঐতিহ্য, আবেগ এবং নতুন প্রজন্মের শিল্পীসত্তা।