কাজের চাপ এখন আরও বেড়েছে অভিনেতা রণজয় বিষ্ণুর। এই মুহূর্তে স্টার জলসার ধারাবাহিক 'প্রতিজ্ঞা'য় দর্শক তাঁকে দেখছেন। পুজোর আগে তাই আরও কাজের প্রেশার। কিন্তু এর মধ্যেই পুজোর পাঁচদিনের প্ল্যান সেরে ফেলেছেন তিনি।
আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "ষষ্ঠী থেকে নবমী আমি কাজেই থাকি। প্রমোশন, পরিক্রমা সব মিলিয়ে কেটে যায়। তবে সকালের দিকে বেশিরভাগ কাজ রাখি, বিকেলটা ফাঁকা রাখার চেষ্টা করি। বিকেল থেকে কয়েকজন কাছের বন্ধুরা মিলে আড্ডা মারি, গান করি, খাওয়া-দাওয়া হয়। প্রতিবছর এইভাবেই পুজো কাটাতে ভালবাসি। তাই চাই না এই রুটিনে কোনও বদল আসুক।"
রণজয়ের কথায়, "বিশেষত অষ্টমী-নবমী এই ঘরোয়া আড্ডাটা হয়। কোথাও বেরোই না। শুধু যে পাড়ায় থাকি, সেখানকার ঠাকুরটা একটু দেখে আসি কখনও, আবার কখনও সেটাও করি না।"
পুজোর শেষে আবার কাজে ফেরা, দশমীতে কি মন খারাপ হয় রণজয়ের? অভিনেতার কথায়, "পুজো আসছে আসছে সেটাই আনন্দের। এসে গেলেই হুট করে কেটে যায়। পশ্চিমবঙ্গে তো দুর্গাপুজোর থেকে বড় উৎসব আর হয় না। তাই দশমীর মন খারাপটা আরও জাঁকিয়ে বসে। আমার বারবার মনে হয় দশমী মানেই শেষ নয়। এই খুশি তো ক্ষণিকের। এই খুশিতে বাঁচতে গেলে আরও যে খারাপ, কঠিন মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে চলতে হবে সারাবছর তার জন্য একটা মনের জোর তো লাগে। দশমী যেন সেই মনের জোর এনে দেয়, অপেক্ষা করতে শেখায়, ফিরে আসতে শেখায়। কিছু হারিয়েই তো কিছু পাওয়া যায়, দুর্গাপুজোর এই ক্ষণিকের খুশি আর সারাবছরের অপেক্ষা আমায় ভাল মুহূর্তের কাছে ফিরতে শেখায়।"