আজকাল ওয়েবডেস্ক: জমিদারি আমলে দুর্গাপুজো মানেই ছিল আভিজাত্য ও উৎসবের জৌলুস। কালচিনির মেন্দাবাড়ির রায় বাড়িতেও একসময় হাতির পিঠে চেপে সপরিবারে আসত দেবী দুর্গা। পুজোকে কেন্দ্র করে বসত মেলা, চলত খাওয়াদাওয়া। সময়ের সঙ্গে সেই জৌলুস হারিয়েছে। তবে ১০৯ বছর ধরে নিয়ম মেনে আজও পুজো হয়ে আসছে রায় বাড়িতে।
মেচ জনজাতির রীতি মেনে আয়োজিত এই পুজো এলাকার অন্যতম প্রাচীন বনেদি বাড়ির পুজো। পরিবারের সদস্যদের কথায়, একসময় জন্মাষ্টমীর দিন দেবীর কাঠামো পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হত। বাড়িতেই কাঠামো তৈরি করে প্রতিমা গড়া হত। বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা কমে যাওয়ায় সেই প্রথা আর পালন করা সম্ভব হয় না। তবে পুজোর মূল আচার এখনও বজায় রয়েছে।