এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'সতীপীঠ কালীঘাট'-এ 'লক্ষ্মীকান্ত'র চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল। অর্পণের বড় হয়ে ওঠা হাওড়ায়। তাঁর কাছে দুর্গাপুজোর স্মৃতি কেমন? আজকাল ডট ইন-কে অভিনেতা জানান তিনি খুব একটা প্যান্ডেল হপিং করতে পছন্দ করেন না।
অর্পণের কথায়, "প্যান্ডেল হপিং খুব একটা পছন্দ না করলেও আমি শহুরে ভিড়ভাট্টা খুব পছন্দ করি। দুর্গাপুজোর ওই ক'টা দিন সবাইকে আনন্দে মেতে উঠতে দেখে বড্ড ভাল লাগে। কোনওদিন পুজোয় বাইরে যাই না সেভাবে। চেনা পরিবেশ যে পুজোর সময় অনেকটা পাল্টে যায়, সেটা দেখতে, উপভোগ করতে দারুণ লাগে।"
ADVERTISEMENT
অভিনেতা বলেন, "আমি তো হাওড়ায় বড় হয়ে উঠেছি। কলকাতার পুজো দেখতে যেতাম। বন্ধুরা সবাই মিলে হইহুল্লোড় করতাম। তখনকার দিনগুলো খুব ভাল ছিল। মিস করি এখন। কাজের চাপে তো ছুটি মেলা ভার। তবে পুজোর চারটে দিন ছুটি পেয়েছি। সেরকম কোনও প্ল্যান নেই পুজোর। বাড়িতেই একটু বিশ্রাম নেব, খাওয়া-দাওয়া করব।"
প্রসঙ্গত, সতীপীঠ কালীঘাট'-এর গল্পে অর্পণ যে চরিত্রে অভিনয় করছেন, তাঁর ঐতিহাসিক প্রভাব অনেক। পুরাণ মতে ১৫৭০ সালের দিকে হালিশহরের জিয়া গঙ্গোপাধ্যায় (কামদেব ব্রহ্মচারী) ও তাঁর স্ত্রী পদ্মাবতী দেবী সন্তানলাভের আশায় কালীঘাটে আসেন। কিংবদন্তি অনুসারে, কালীকুণ্ড হ্রদে দেবী সতীর ডান পায়ের আঙুল আবিষ্কারের সঙ্গে তাঁর নাম জড়িয়ে আছে।
তাঁদের পুত্র লক্ষ্মীকান্ত রায়চৌধুরী পরবর্তীকালে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের গোড়াপত্তন করেন এবং কালীঘাট অঞ্চলের সঙ্গে এই পরিবারের ঐতিহাসিক যোগসূত্র তৈরি হয়।