ঢাকে কাঠি পড়ল বলে। আর এক মাসও বাকি নেই। চারিদিকে পুজোর প্রস্তুতি তুঙ্গে। বাগদানের পর এটাই শুভস্মিতা মুখার্জি এবং সৌরভ চক্রবর্তীর প্রথম দুর্গাপুজো। কী কী প্ল্যান তাঁদের সবটাই আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।
পুজোর প্ল্যানিং বলার আগে বর্তমানে ব্যস্ততা ভাগ করে নিলেন শুভস্মিতা। বলেন, "প্রিপ্ল্যানিংয়ে এখন শুধু পুজো ব্যাঙ্কিং চলছে। প্রচণ্ড চাপ, কোনও ছুটি নেই। একটা বিশ্বকর্মা পুজোর ছুটি ছিল, আর সেই ২ অক্টোবর ছুটি। আর কোনও পুজোর শপিং হচ্ছে না এটাই খুব দুঃখের বিষয়।"
ADVERTISEMENT
এ তো গেল প্রিপ্ল্যানিং, কিন্তু পুজোর ৪ দিন কী করছেন? সৌরভের সঙ্গে কী কী প্ল্যান? এই বিষয়ে 'লক্ষ্মী ঝাঁপি'র 'ঝাঁপি' বলেন, "পুজোর প্ল্যানিং বলতে ঘুরতে যাচ্ছি। কোনওবারই আমি থাকি না। কারণ সারা বছর বেড়াতে যাওয়ার সুযোগ পাই না। ওটুকুই সময় ছুটি থাকে। আমার কলকাতায় থাকতে ভীষণই ভাল লাগত, কিন্তু যবে থেকে এভাবে মেগা সিরিয়াল করা শুরু করেছি, তারপর থেকে আমি এটুকুই সময় পাই বেড়াতে যাওয়ার জন্য। আমি আসলে ঘুরতে যেতে খুব ভালবাসি। ঘুরতে যাচ্ছি ওইটাই আমাদের বিশেষ প্ল্যান।"
বাগদানের পর প্রথম পুজো, সৌরভের জন্য কিছু বিশেষ প্ল্যান করেছেন? বা উপহার কিনেছেন? প্রশ্ন শুনেই শুভস্মিতার উত্তর, "বিশেষ গিফট বলতে..., সেসব তো দেওয়া নেওয়া চলতেই থাকবে সারাজীবন। আর কী বিশেষ গিফট। আমরা দু'জনের কেউই মেটিরিয়ালিস্টিক নই। তাই আলাদা করে তেমন কিছু প্ল্যান করিনি।"
ছোটবেলার দুর্গাপুজোর কোন স্মৃতি আজও টাটকা শুভস্মিতার? অভিনেত্রী বলেন, "দুর্গাপুজোর স্মৃতি বলতেই আমার দিদার বাড়ির দুর্গাপুজো। ওটাতেই আমি ফিরে যেতে চাই। যৌথ পরিবার, ফলে খুব মজা হতো। সবাই একসঙ্গে হতাম ওই সময়টা। ভাই বোনেরা সবাই থাকত। আমি বাইরেও বেরোতে চাইতাম না, এত মজা হতো। ওটাই আমার সন থেকে পছন্দের স্মৃতি।"
পুজোয় থাকবেন না, তাই বলে কি শপিংও বাদ? না সেটা হচ্ছে। কিন্তু টুকটুক করে। এই বিষয়ে শুভস্মিতা বলেন, "অনলাইনে টুকটুক করে যা হচ্ছে। শাড়ি পরতে ভালবাসি। কিন্তু যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে শাড়ি পরার খুব একটা সুযোগ পাব না বলে কেনা হয়নি। তবে উপহার দেওয়ার জন্য কিনেছি। নিজের জন্য কেনা হয়নি।"