Loading...

অভিনয় থেকে রাজনীতির পথ পেরিয়ে এবার নতুন ভূমিকায় সোহেল দত্ত, নবীন সংঘের ২৩ বছরের পুজোর আয়োজনে অভিনেতা

  • নিজস্ব সংবাদদাতা

  • ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৬

অভিনয় থেকে রাজনীতির পথ পেরিয়ে এবার নতুন ভূমিকায় অভিনেতা সোহেল দত্ত। চলতি বছর নবীন সংঘের ২৩ বছর পূর্তিতে এই পুজোর সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সোহেল দত্ত।

আজকাল ডট ইন-কে তিনি বলেন, "২০০৩ সাল থেকে আমাদের পূর্বপুরুষদের হাত ধরে যে দুর্গাপুজোর পথচলা শুরু হয়েছিল, সেই ঐতিহ্য আজও আমরা একই নিষ্ঠা, আবেগ ও ভালবাসার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছি। গত পাঁচ বছর ধরে কমিটির সকলের সহযোগিতায়, বিশেষ করে আমাদের মহিলা সমিতির আন্তরিক উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে, এই পুজোকে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আসছি। এই পুজোর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও অত্যন্ত আবেগের। আমার নিজের মামা রাজা দে এই ক্লাবের সভাপতি এবং তিনি মিত্র ইনস্টিটিউশন, ভবানীপুরের প্রধান শিক্ষক। আর আমি নিজে এই পুজোর কনভেনর। তবে এখানে আমি যখন আমার পরিবার বলি, তখন শুধু আমার নিজের পরিবারকে বোঝাই না—নবীন সংঘের প্রতিটি সদস্যই আমার পরিবার। এই পুজোর সঙ্গে তাঁদের আবেগ, ভালবাসা এবং পরিশ্রম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।"

ADVERTISEMENT

সোহেলের কথায়, "এবার নবীন সংঘ সর্বজনীনের ২৩ বছরের ইতিহাসে প্রথমবার আমরা থিম পুজোর আয়োজন করছি। থিমের নাম মায়ের সঙ্গে, মায়ের বাড়িতে। তবে থিমের আড়ালে আমাদের শিকড়, সংস্কৃতি এবং চিরাচরিত পুজোর ঐতিহ্যকে আমরা একেবারেই হারিয়ে ফেলতে চাইনি। তাই কুমোরটুলির সেই সাবেকি রীতিতেই, যেভাবে এত বছর ধরে মা আমাদের ঘরে এসেছেন, ঠিক সেই রূপেই এবারও আমাদের মা আসছেন। এবারের ভাবনা শুধুমাত্র একটি মণ্ডপ তৈরি করা নয়—একটি গল্প বলার চেষ্টা। আমাদের ইতিহাস, সংস্কৃতি, আবেগ এবং মায়ের সঙ্গে বাঙালির চিরন্তন সম্পর্ককে একটি অন্যরকম উপস্থাপনার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের নিজস্ব কালচারাল ও আর্টিস্ট টিমের সঙ্গে আশিস হালদার-এর সহযোগিতায় এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চলছে।"

আরও পড়ুন

অভিনেতা আরও বলেন, আর এই প্রসঙ্গে আমি বিশেষভাবে আমাদের মহিলা সমিতির কথা বলতে চাই। যেভাবে তাঁরা প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থেকে সহযোগিতা করে চলেছেন, তাঁদের সেই সাহায্য ও অবদান সত্যিই অনস্বীকার্য। তাঁদের নিষ্ঠা, পরিশ্রম এবং ভালবাসা আমাদের এই পুজোর অন্যতম বড় শক্তি। তাঁদের ছাড়া এই আয়োজনকে এই জায়গায় নিয়ে আসা সম্ভব হতো না।"

ADVERTISEMENT