আর ১৫ দিনও বাকি নেই। চারিদিকে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দোকান বাজার হোক, বা প্যান্ডেল সর্বত্রই তুঙ্গে ব্যস্ততা। এর মাঝে দুর্গাপুজোর প্ল্যানিং কতটা হল সেটাই আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন ঋত্বিক ভৌমিক।
এবার পুজোয় কী করছেন, কী কী প্ল্যান আছে জানতে চাইলে ঋত্বিক বলেন, "তেমন কোনও প্ল্যানিং নেই। পুজোর সময় আমার কাজই থাকবে।" প্রতি বছর কি কাজের মধ্যেই কাটে তার পুজোর ৪-৫ দিন? জবাবে 'মন মানে না' অভিনেতা বলেন, "সাধারণত পরিবারের সঙ্গেই থাকি। কিন্তু এই বছরে একটু কাজ বেশি। কাজের মধ্যে থাকব এই বছর।"
ADVERTISEMENT
প্রবাসী বাঙালি তিনি। কলকাতা, মুম্বই, দুই জায়গাতেই তিনি দাপিয়ে কাজ করছেন। তাঁর অভিনয়ের গুণে মুগ্ধ ৮ থেকে ৮০। বড় হওয়ার সঙ্গে কাজের ব্যস্ততা বাড়ে, ছুটি পাওয়া যায় না যেমন, তেমনই কিন্তু পুজোর আনন্দ, অর্থ, ইত্যাদিও বদলে যায়। তবে পুজো এলেই ছোটবেলার পুজোর সেই সরলতা, আনন্দ আজও মনের কোণে কোথাও যেন উঁকি দিয়ে যায়। ঋত্বিকের ছোটবেলার পুজো বলতেই কী মনে পড়ে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "ছোট থেকে বিভিন্ন শহরে থেকেছি। কিন্তু যেই শহরেই থাকি না কেন সেখানকার বেঙ্গলি ক্লাবের সঙ্গে জড়িত থেকেছি। ভোগ বিলি করা, অনুষ্ঠানে পারফর্ম করা, সব করতাম। ওই ৫-৬ দিন একদম অন্যরকম কাটত। ওইটাই খুব মিস করি।"
ঋত্বিক ভৌমিক অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছে। ওয়েব সিরিজ থেকে সিনেমা, বলিউড থেকে টলিউড জমিয়ে কাজ করে চলেছে। 'ব্যান্ডইশ ব্যান্ডইটস' সিরিজের হাত ধরে তিনি নজর কাড়েন। এরপর 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার', 'মন মানে না', 'হাবা গোবা', ইত্যাদির মতো প্রজেক্টে কাজ করেছেন।