টলিউডে পুজোর আগেই খুশির হাওয়া। সদ্য কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন পরিচালক রাজা চন্দ এবং অভিনেত্রী পিয়ান সরকার। এবছর পুজো তাঁদের কাছে একদম অন্যরকম। নতুন সদস্যকে নিয়ে কী প্ল্যান রাজা-পিয়ানের?
আজকাল ডট ইন-কে পরিচালক বলেন, "পুজোয় আর পাঁচটা বাঙালির মতোই আমি জামা-জুতো কিনতে ভালবাসি। তবে এবার বিশেষ কেনাকাটা মেয়ে আর তার মায়ের জন্য। ঠাকুর দেখতে আমার ভীষণ ভাললাগে। তবে এবার মা তো আমার ঘরেই এসেছেন বলে মনে হচ্ছে। তাই এবছর বাড়িতেই আড্ডা, বাড়িতেই খাওয়া-দাওয়া, আর বাড়ি বসেই ঠাকুর দেখা।"
ADVERTISEMENT
রাজা আরও বলেন, "আমি চাই সবার পুজো ভাল কাটুক। সবাই যেন সুস্থ থাকেন মন থেকে সেই কামনাই করি।"
সন্তান জন্মের পরই রাজা চন্দ বলেছিলেন, "আমি চেয়েছিলাম মেয়ে হোক। সেই স্বপ্ন পূরণ হল। মা, সন্তান দুজনেই ঠিক আছে।" প্রথম সন্তানের জন্মের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পরিচালক বলেন, "আমি ওটিতে ছিলাম। আমার চোখের সামনেই ভূমিষ্ট হল। এই অনুভূতিটা বলে বোঝাতে পারব না।" বিয়ের ৮ বছর পর তাঁদের সংসার বেড়ে দুই থেকে তিন হয়েছে। প্রসঙ্গত, রাজা চন্দ টলিউডের প্রথম সারির পরিচালক। উপহার দিয়েছেন 'চ্যালেঞ্জ ২', 'লে হালুয়া লে', 'রংবাজ', ইত্যাদির মতো হিট, সুপারহিট ছবি। পিয়ান সরকারও টলিউডের অতি পরিচিত মুখ। একাধিক সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী।