অপেক্ষার অবসান ঘটিয়ে পুজো প্রায় এসেই গেল। আর দুর্গাপুজো মানেই পুজোর ছবি। এই বছর ৪টি নতুন বাংলা ছবি মুক্তি পাচ্ছে বড়পর্দায়, আর তারই অন্যতম হল 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র'। একদিকে ছবির মুক্তি, অন্যদিকে পুজোর আনন্দ, সবটা মিলিয়ে কী কী পরিকল্পনা করলেন 'একেন বাবু' ওরফে অনির্বাণ চক্রবর্তী জানালেন আজকাল ডট ইনকে।
এবারের পুজোর প্ল্যান জানতে চাইলে অনির্বাণ বলেন, "পুজোয় এবার সেরকম প্ল্যানিং নেই। আমার ছবি বেরোচ্ছে, সেটার হল ভিজিট বা অন্যান্য কাজ থাকবে। এছাড়া পুজো পরিক্রমা, ইত্যাদি তো আছেই। ব্যক্তিগত কোনও পরিকল্পনা নেই।"
কাজের আবহেই যে তাঁর পুজোর কয়েকটা দিন কাটবে সেটা স্পষ্ট। কিন্তু ছোটবেলায় পুজোর সময়টা কীভাবে কাটাতেন তিনি? "বড়বেলার পুজো তো কাজ নিয়ে। ছোটবেলার পুজো সেখানে সবটাই আনন্দ, উত্তেজনায় ভরা ছিল। নতুন জামাকাপড়, নতুন পুজোবার্ষিকী, ঠাকুর দেখতে যাওয়া, বাইরে খাওয়া এগুলো নিয়েই কেটে যেত। এগুলোতেই বেশি আগ্রহ, উত্তেজনা ছিল। কিন্তু এখন আর সেইটা ফিল করি না। ওই উত্তেজনা নেই। পুজো এলে শহরটা বেশ সুন্দর সেজে ওঠে, মানুষজন বেরোন, আনন্দ করেন, সেটা দেখতে ভাল লাগে। কাজের জন্য যেটুকু ভিড়ভাট্টায় যেতে হয়, তার বাইরে আমি আর কোথাও যাই না। ইচ্ছে করে না", জানালেন অনির্বাণ।
আর পুজো বলতেই এই সময় যেটা সবার আগে মনে আসে, সেই পুজোর শপিং কতদূর হল 'একেন বাবু'র? অভিনেতার কথায়, "পুজোর শপিং এখন আর হয় না। সারা বছর ধরে কেনাকাটা চলে। আলাদা করে ওই প্রয়োজন হয় না। পুজোর সময় যেহেতু বেরোতে হয় সেটার জন্য হয়তো কস্টিউম ডিজাইন করানো হয়, বা নতুন জামা এখন সবসময়ই থাকে। ফলে নতুন জামাকাপড়ের আগ্রহ আর নেই।"
আর পুজো প্রেম? সেটা কখনও হয়েছে কি? প্রশ্ন শুনেই হেসে ফেলেন অভিনেতা। বলেন, "টুকটাক। গভীর ভাবে বলা যায়, বা থ্রিলিং কিছু অভিজ্ঞতা হয়েছে যে তেমনটা নয়।"
https://youtu.be/VG_9uvXg5dY?si=lRCSUdzyLdZIm8ca