দুর্গাপুজো মানেই এক একদিন এক একরকমের প্ল্যান। ৪ দিন ভরপুর ঘোরাঘুরি, প্যান্ডেল হপিং আর ঠাকুর দেখা। অষ্টমীর দিনটা প্রিয়জনের জন্যই তুলে রাখা থাকে। কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডার পরিকল্পনা থাকে। কিন্তু সেদিন কীভাবে সাজবেন, ভিড়ের মধ্যে কীভাবে নজরকাড়া হয়ে উঠবেন বুঝতে পারছেন না? দেখুন কী টিপস দিচ্ছেন ইধিকা পাল।
অষ্টমীর অঞ্জলি মানেই শাড়ি! সকালে যদি পেস্তা বা অন্য কোনও হালকা রঙের এমন একটি শাড়ি বেছে নেন তাহলে মন্দ হবে না। ভিড়ের মধ্যে নজর কাড়বেন আপনিই।
এক কালারের শাড়ি, সঙ্গে কনট্রাস্ট পাড় ট্রেন্ডিং বর্তমান সময়ে। এই ধরনের শাড়ির সঙ্গে ব্রাকাট ব্লাউজ বা ম্যাচিং হেভি এমব্রয়ডারি ব্লাউজ পরতে পারেন।
যদি ব্রাকাট ব্লাউজ হয় তবে গলা ভরাট করে এমন হার বেছে নিন। নতুবা, ব্লাউজ এবং শাড়ির সঙ্গে ম্যাচ করবে এমন গয়না বেছে নিন।
সকালে বেরোবেন যখন মেকআপ হালকাই রাখুন। উইং আইলাইনার, বা কেবল গাঢ় কাজলেই হবে বাজিমাত। ঠোঁট রাঙিয়ে নিন পছন্দসই লিপস্টিকে।
অষ্টমীর বিকেলে যদি প্রিয়জনের সঙ্গে ঠাকুর দেখা বা বিশেষ কোনও প্ল্যান থাকে, তাহলে ইধিকার মতো এরকম একটা কাঁথাস্টিচ করা শাড়ি বেছে নিতেই পারেন।
অভিনেত্রী পরেছেন কালো বডির উপর লাল পাড় শাড়ি। আর এই শাড়ির পাড়েই রয়েছে ঠাসা কাঁথাস্টিচের কাজ।
শাড়িটিকে ইউনিক লুক দিয়েছে কুচির কাছে থাকা কালোর উপর লাল ডুরে কাটা দাগ।
আপনার লুককে অনন্য করে তুলতে এই শাড়ির সঙ্গে এরকম একটা অফশোল্ডার ব্লাউজ বেছে নিতেই পারেন। আর সেই ব্লাউজের বডি বা হাতার পাড়ে কাঁথাস্টিচের কাজ করা থাকে তাহলে তো কথাই নেই!