আজকাল ওয়েবডেস্ক: কলকাতার পুজোর মানচিত্রে গত কয়েকবছর ধরে হটস্পট টালা প্রত্যয়। তৃণমূল জমানা শেষ হতেই প্রশ্ন ঘুরছিল, এবার কী হবে এই পুজোর? এবার হবে না টালার পুজো? হলেও কি আগের মতো আয়োজন থাকবে? তবে, ১০ সেপ্টেম্বর স্পষ্ট হয়ে যায়, অনিশ্চিয়তা কাটিয়ে ১০১-এ ফিরছে টালা। ২০২৪ সালের পর, স্বল্প সময়ে, স্বল্প পরিসরে, শিল্পী সুশান্ত পাল ফিরছেন তাঁর ভাবনা, ‘ডিটাচমেন্ট, বিয়োজন’ নিয়ে।
মমতা জমানায় টালার পুজো শহরে চরম জনপ্রিয়তা পায়। শতবর্ষ পেরিয়েছে গত বছরেই। তবে রাজ্যে পালাবদলের পর, টালা প্রত্যয়ের পুজো ঘিরে অনিশ্চয়তার মেঘ ঘনিয়েছিল। একদিকে বিরাট জমিতে পুজোর কাজ চলত প্রায় বছরভর। সেখানেই অভিযোগ উঠেছিল জমি জবরদখলের। ফলে পালাবদলের আগে পুজোর ভাবনা অনুযায়ী কাজ শুরু হলেও থমকে যায়। বিধায়ক রীতেশ তিওয়ারির হাত ধরে, পাড়ার লোকজনকে নিয়ে নয়া কমিটি তৈরি হয়েছে। শতবর্ষ পেরোনো পুজোর গায়ে ঐতিহ্য, চিরাচরিত সংস্কৃতি মিশিয়ে এবার শহরের চোখ ধাঁধাবে তারাই। তা স্পষ্ট হয়ে যায় সেপ্টেম্বরের শুরুতেই।