Loading...

রায়মঙ্গল নদীতে ভেসে এল মা কালীর মূর্তি! কালীপুজোর আগে অলৌকিক দৃশ্যের সাক্ষী গ্রামবাসী

আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর আগে রায়মঙ্গল নদীতে ভেসে এল মা কালীর মূর্তি। সকালে নদীতে মাছ ধরতে গিয়ে মূর্তিটি দেখতে পান এক মৎস্যজীবী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই মূর্তিটি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের মাধবকাটি গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডল প্রতিদিনের মতো এদিনও রায়মঙ্গল নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। সেই সময় নদীর জলে একটি মা কালীর মূর্তি ভাসতে দেখতে পান তিনি। এরপর মূর্তিটি উদ্ধার করে মাধবকাটি গ্রামের একটি মন্দিরে নিয়ে গিয়ে স্থাপন করেন বাবলু।

ADVERTISEMENT

এরপর সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে নদী থেকে উদ্ধার হওয়া মা কালীর মূর্তির ছবি। খবর পৌঁছয় পার্শ্ববর্তী পূঁইজালি এলাকাতেও। কিছুক্ষণের মধ্যেই পূঁইজালি পুজো কমিটির সদস্য ও গ্রামবাসীরা মাধবকাটিতে এসে দাবি করেন, ভেসে আসা মূর্তিটি তাঁদের পুজোর মূর্তি।

আরও পড়ুন

পুজো কমিটির সদস্যদের দাবি, কোনও একটি কারণে মূর্তিটি তাঁদের এলাকা থেকে ভেসে রায়মঙ্গল নদীর স্রোতে চলে এসেছিল। মূর্তিটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন তাঁরা। পরে মাধবকাটি গ্রামের বাসিন্দা এবং প্রশাসনের সহযোগিতায় মূর্তিটি পূঁইজালির পুজো কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

কালীপুজোর ঠিক আগে নদী থেকে মূর্তি ভেসে আসার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই নানা আলোচনা শুরু হয়েছে এলাকায়। অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলে মনে করছেন। অন্যদিকে, কীভাবে মূর্তিটি নদীতে ভেসে এল, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে।

মূর্তিটি ফিরে পাওয়ার পর খুশি পূঁইজালি পুজো কমিটির সদস্যরা। পুজো কমিটির সদস্য উত্তম পাত্র জানান, মায়ের মূর্তিটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা এবং প্রশাসনের সহায়তার জন্যও তাঁরা কৃতজ্ঞ।

ADVERTISEMENT