দুর্গাপুজো মানেই একদিন নর্থ কলকাতা, একদিন সাউথ, একদিন সল্টলেক, নিউ টাউনের দিক, তো আর একদিন জেলার পুজো। অনেকেই পুজোর চার দিন এভাবেই ভাগ করে নেন বা নিতেন। পায়ে হেঁটে, লম্বা লাইন পেরিয়ে লিস্ট অনুযায়ী ঠাকুর দেখার মজাই আলাদা। কিন্তু হালআমলে একটা নতুন ট্রেন্ড এর পাশে গুটিগুটি পায়ে এসে বসে পড়েছে। কী? বনেদি বাড়ির ঠাকুর দেখার ট্রিপ। সে কলকাতা হোক বা জেলা, কোনও ট্রাভেল এজেন্সির আয়োজিত এই ট্রিপগুলোয় নাম লিখিয়ে পুজোর একটা দিন হইহই করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়া এখন দারুণ ট্রেন্ডিং। সঙ্গে থাকে কবজি ডুবিয়ে ভূরিভোজ, সেই বনেদি বাড়িগুলোর পুজোর সঙ্গে জড়িয়ে থাকা গল্প, ইত্যাদি। বলা যায় একটা পারফেক্ট ডেআউট। কিন্তু কেন বাড়ছে এই ট্রেন্ড? আজকাল ডট ইনকে জানালেন একটি পর্যটন সংস্থার কর্ণধার বিনায়ক চৌধুরী।
বিনায়ক নিজের সংস্থার হয়ে পুজোর ৪ দিনই এই বনেদি বাড়ির ঠাকুর দেখা বা গঙ্গাবক্ষে ভেসে বিসর্জন দেখার আয়োজন করেন প্রতি বছরই। থাকে কলকাতা, জেলার পুজো দেখার আয়োজন। কিন্তু কেন তাঁর মাথায় এই ভাবনা এল? বিনায়কের কথায়, "আমার শহর বা রাজ্যে প্রত্যেকটা জায়গায় অনেক গল্প লুকিয়ে রয়েছে, যেগুলো বলা দরকার। আমি নিজে বনেদি পরিবারের ছেলে, বাড়িতে পুজো হয়। সেই পুজো আমি কখনও দেখতে পারিনি, বাড়ির অভ্যন্তরীণ কারণে। কিন্তু সেই গল্পগুলো আমাকে খুব ছোট থেকেই টানত। পরবর্তীতে আমি যখন এই পেশায় আসি, তখন সেই গল্পগুলো আমারও লোকজনকে বলতে ইচ্ছে করে। আমি যেভাবে পায়ে হেঁটে, ঘুরে ঘুরে বনেদি বাড়ির কথা জেনেছি সবাইকে সেটা জানাতে চাই। যে মানুষরা কখনও শহরের পুজো, বা বনেদি বাড়ির পুজো বা তাঁদের কাছে পৌঁছানোর জন্য আমার মনে হয়েছিল সব কিছুর দায়িত্ব নেওয়াটা খুব দরকার। সেই দায়িত্ব নেওয়ার ইচ্ছে থেকে এই ভাবনা মাথায় আসে।"
