আজকাল ওয়েবডেস্ক: নেপালি সম্প্রদায়ের ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফুলপাতি উৎসব। বিশ্বাস, দেবী দুর্গা পালকিতে চেপে নগর পরিক্রমা করেন এবং ভক্তদের আশীর্বাদ দেন। সেই প্রাচীন রীতি মেনেই মহাসপ্তমী তিথিতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে পালিত হল ফুলপাতি উৎসব। দলসিংপাড়া, জয়গাঁ এবং কালচিনির নেপালি অধ্যুষিত এলাকায় উৎসবকে ঘিরে দেখা গেল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ঐতিহ্যের টানে ফুলপাতি উৎসব, পালকিতে দেবী দুর্গার নগর পরিক্রমা আলিপুরদুয়ারে
ADVERTISEMENT
মহালয়ার পর থেকেই নেপালি রীতি মেনে শুরু হয় দুর্গাপুজো। বিজয়া দশমী পর্যন্ত চলে এই পুজো। নেপালি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা করেন পুরোহিতেরা। এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ মহাসপ্তমীর ফুলপাতি শোভাযাত্রা। এদিন দেবী দুর্গার ছবিকে কন্যারূপে পালকিতে বসিয়ে শোভাযাত্রা বের করা হয়। দেবীকে লাল ওড়না এবং বিভিন্ন সাজসজ্জার সামগ্রী উপহার দেন পুণ্যার্থীরা। শোভাযাত্রায় অংশ নেন হাজারেরও বেশি ভক্ত।
উৎসবের বর্ণময় পরিবেশ আরও আকর্ষণীয় করে তোলেন নেপালি সম্প্রদায়ের নারী-পুরুষেরা। পুরুষদের মাথায় থাকে ঐতিহ্যবাহী ধাকো টুপি, আর মহিলারা পরেন চৌবন্দী চোলা। নিজেদের সংস্কৃতির পোশাকে সেজে ডমফু নামের বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন তাঁরা। ঢাকঢোল, বাদ্যযন্ত্র এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এগিয়ে চলে শোভাযাত্রা। এই ঐতিহ্যবাহী দৃশ্য দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমান বহু মানুষ।
আয়োজক কমিটির সদস্য দিলীপ থাপা জানান, নেপালি সম্প্রদায়ের কাছে দুর্গাপুজো প্রাণের উৎসব। সারা বছর তাঁরা এই দিনগুলির জন্য অপেক্ষা করে থাকেন। এলাকার ছেলেমেয়েরা কাজ বা পড়াশোনার সূত্রে যেখানেই থাকুন না কেন, পুজোর সময় বাড়ি ফিরে আসেন। তাঁর কথায়, ফুলপাতি উৎসব নেপালি সম্প্রদায়ের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ফুলপাতি উৎসব শুধু দেবী দুর্গার আরাধনাতেই সীমাবদ্ধ থাকে না। বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মিলনের বার্তাও বহন করে চলে এই উৎসব।
ADVERTISEMENT
ADVERTISEMENT
সবাই যা পড়ছেন
ADVERTISEMENT